বিউ সরকার

বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কলকাতায় নামবেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ বাগডোগরায় নামবে অমিত শাহের বিমান। তিনি থাকবেন বিএসএফের ক্যাম্পে। 

১৮ জুলাই অর্থাৎ শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। ওইদিন রাতেই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত পাহারা, বিএসএফের আউটপোস্টের নজরদারি বাড়ানো এবং সীমান্তবর্তী নিরাপত্তা সংক্রান্ত একাধিক বড় বিষয় নিয়ে আলোচনা করবেন।

বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। এছাড়া, সীমান্ত পেরিয়ে মাদক চোরাচালান রুখতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সহ কেন্দ্রের বিভিন্ন উচ্চপর্যায়ের দফতরের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেবেন।

প্রাথমিক কর্মসূচি অনুযায়ী, ১৮ জুলাই সন্ধ্যায় বাগডোগরা থেকে কলকাতায় পৌঁছবেন। ১৯ জুলাই অর্থাৎ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সৌজন্য গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে শাহের।

বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। এরপর দুপুরে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়াম উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে বিকেল ৪টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।