আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদায়। ভয়ঙ্কর এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।
জানা গিয়েছে, শনিবার রাতে ১১টার দিকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে যাচ্ছিল। যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা লরিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালক সহ মোট সাতজন যাত্রী ছিলেন গাড়িতে।
পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে মৃত্যু হয় একজনের। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। ধাক্কার জোর এতটাই বেশি ছিল যে গাড়ির এক যাত্রীর মাথা ধড় থেকে আলাদা হয়ে রাস্তায় চলে আসে। লরিটি পাশের নয়ানজলিতে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই মালদার কালিয়াচক থানার আলিপুর এলাকার বাসিন্দা।
