আজকাল ওয়াবডেস্ক : "চোর" স্লোগান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে আরও একবার "পকেটমার" উপমা। বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। চোর স্লোগান ইস্যুতে নাম না করে শুভেন্দু অধিকারীকে "পকেটমার" বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, সবথেকে বেশি মানুষের পকেট মেরেছে ওরাই। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দুকে সাসপেন্ড করার প্রতিবাদে ও শাসকের "প্রতিহিংসার রাজনীতি"র বিরুদ্ধে সোমবার রেড রোডে আম্বেডকর মূর্তির সামনে ধরনা কর্মসূচি ছিল বিজেপির। বিধায়কদের সঙ্গে নিয়ে "চোর মমতা" টি-শার্ট পরে ধরনা মঞ্চে আসেন শুভেন্দু। এরপরই "চোর" স্লোগান ইস্যুতে সরগরম হয় রাজ্য-রাজনীতি। বিষয়টি নিয়ে বিধানসভাতেও সরব হন মুখ্যমন্ত্রী। সেখানেও নাম না করে বিরোধী দলনেতাকে "পকেটমার" বলে কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই ইস্যুতে নাম না করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে "পকেটমার" বলে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।
'চোর' স্লোগান ইস্যুতে ফের একবার 'পকেটমার' তোপ মমতার
















