আজকাল ওয়েবডেস্ক: ‌‌আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বড়দিনে তাপমাত্রা বাড়বে। শীতের যে স্পেল বঙ্গ জুড়ে চলছে তা কিন্তু ২২ তারিখের পর থেকে একটু হলেও পরিবর্তন হবে। ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে তাপমাত্রা। ২২ তারিখের পর থেকে তাপমাত্রা বেড়ে হতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রি। 
অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর রাডার বসানোর জন্য দুটি মৌ স্বাক্ষর করেছে মালদার সিআইএসএইচ এবং ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির সঙ্গে। উত্তরবঙ্গে এতদিন পর্যন্ত যেহেতু কোনও রাডার ছিল না সেই কারণে পূর্বাভাস দিতে অসুবিধার মুখে পড়তে হত আলিপুর আবহাওয়া দপ্তরকে। মালদা সিআইএসএইচে বসতে চলেছে সি ব্যান্ড রাডার। এই রাডার বাংলাদেশ, ঝাড়খন্ড, বিহারের সীমান্তের কিছুটা অঞ্চলের পূর্বাভাস দিতে সাহায্য করবে। দু’‌তিন বছরের মধ্যে রাঁচি, বালেশ্বর, সম্বলপুর, পোর্ট ব্লেয়ারের মত জায়গাতেও বসবে ‘‌সি ব্যান্ড পলারোমেট্রিক রাডার’‌। ‘‌এক্স ব্যান্ড রাডার’‌ বসতে চলেছে ভুবনেশ্বর এবং বিহারের পূর্ণিয়ায়।