আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার সকাল ১০টা থেকে সল্টলেকে এসএসসির নতুন ভবনে কাউন্সেলিং শুরু হয়। জানা গিয়েছে, সব মিলিয়ে চাকরি প্রার্থীর সংখ্যা ১৩০০০ এর কিছু বেশি। ২ ডিসেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং পর্ব। তবে এখনই দেওয়া হবে না সুপারিশপত্র।

তবে স্বচ্ছতা বজায় রাখতে কোন প্রার্থী কোন স্কুল বেছে নিয়েছেন তা উল্লেখ করে দেওয়া হবে। দেওয়া হবে প্রার্থীদের সম্মতিপত্রও।কাউন্সেলিংয়ের প্রথমেই প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি থেকে ট্রেনিং, এমনকি জাতি সংশাপত্র পর্যন্ত যাচাই করবে এসএসসি।পাশাপাশি মেধাতালিকা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। ভবনের ভিতরে বেশ কয়েকটি স্ক্রিন লাগানো হয়েছে। কোন প্রার্থী কোন স্কুল বাছাই করেছেন তা দেখানো হবে ওই স্ক্রিনে।