আজকাল ওয়েবডেস্ক: সবে বিশ্বকাপ শুরু হয়েছে। বিশ্বমঞ্চে পাঁচদিন হল বল গড়িয়েছে। তারই মধ্যে ছাঁটাই কোচ। বিশ্বকাপের প্রথম বলি হলেন তিউনিশিয়ার কোচ। ওপেনিং ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর হেড কোচ সাবরি লামৌচিকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার তিউনিশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ড দলের দায়িত্ব নেবে। পাঁচ গোলের লজ্জার হার থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথমবার নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার দেশ। এই সিদ্ধান্তের ফলে, বিশ্বকাপের প্রথম বলি হলেন লামৌচি। জানুয়ারি থেকে দলের দায়িত্বে ছিলেন ৫৪ বছরের কোচ। মাত্র পাঁচ ম্যাচে তিউনিশোয়ার কোচ থাকার সুযোগ পেলেন।
নিজেদের ফুটবলের ইতিহাসে অন্যতম খারাপ হার। রবিবার তাঁদের ওপর দিয়ে রোলার কোস্টার চালিয়ে দেয় সুইডেন। রিপোর্ট অনুযায়ী, লামৌচিকের ওপর অসন্তুষ্ট ছিল ড্রেসিংরুম। তার প্রভাবও পড়ে। লজ্জার হারের পর সময় নষ্ট করেনি তিউনিশিয়ার ফেডারেশন। এর আগে ২০১৪ বিশ্বকাপে আইভরি কোস্টের কোচ ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে দ্বিতীয় ইনিংস সুখকর হল না। প্রায় শুরুতেই শেষ। আরও একটি গ্রুপ পর্বে বিদায় রুখতে জাপান এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। এই জায়গা থেকে দলকে রক্ষা করতে সফল কোচ রেনার্ডের শরণাপন্ন তিউনিশিয়া।
জাম্বিয়া এবং আইভরি কোস্টকে আফ্রিকা কাপ অফ নেশনস জেতান ফরাসি। ২০১৮ বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের আর্জেন্টিনাকে হারানোর পেছনে মাস্টারমাইন্ড রিনার্ড। সম্প্রতি সৌদি আরবের কোচ ছিলেন ফরাসি। ফ্রান্সের মেয়েদের জাতীয় দলেরও কোচ ছিলেন। এই প্রথম বিশ্বকাপের মাঝে কোচ পরিবর্তন করল না তিউনিশিয়া। ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ড এবং কলম্বিয়ার কাছে হারের পর ছেঁটে ফেলা হয় কোচ হেনরিক ক্যাসপারজ্যাককে। সপ্তম বিশ্বকাপে খেলছে তিউনিশিয়া। কিন্তু কোনওবার গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি। এবারও সেই সম্ভাবনা কম। সুইডেনের কাছে বিধ্বস্ত হওয়ার পর জাপান এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে জেতা কঠিন আফ্রিকার দেশের।















