আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মহিলা এশিয়া কাপের আয়োজন সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল  এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু, সূচি বা ম্যাচের সময়সূচি ঘোষণা করেনি। তবে ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়েছে, টুর্নামেন্টটি আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে রবিবার, ১৩ সেপ্টেম্বর।

প্রতিবেদন অনুযায়ী, এসিসি ইতোমধ্যেই আটটি অংশগ্রহণকারী দেশের কাছে সম্ভাব্য সূচি পাঠিয়ে ওই সময়টুকু ফাঁকা রাখার অনুরোধ জানিয়েছে। এবারের আসরে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পাশাপাশি অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।

তবে টুর্নামেন্টের ভেন্যু ও সূচির চূড়ান্ত অনুমোদন এখনও এসিসির নেতৃত্বের কাছ থেকে আসেনি। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের  চেয়ারম্যান মহসিন নকভির অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিষয়টি। গত ২২ জুলাই অংশগ্রহণকারী দেশগুলিকে পাঠানো এক ই-মেইলে এসিসি জানিয়েছিল যে, ভেন্যু চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি দলগুলিকে ২৭ আগস্টের মধ্যে পৌঁছানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হওয়ায় অংশগ্রহণকারী দেশগুলো এখনও তাদের ভ্রমণ পরিকল্পনা ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থা চূড়ান্ত করতে পারেনি।

এদিকে, গত ২ আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ত সময়ের জন্য এশিয়া কাপের সম্ভাব্য দল ঘোষণা করলেও পরে সেই পোস্ট সরিয়ে ফেলে। কারণ, এসিসি তখনও টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সম্ভাব্য ভারতীয় দলে ছিলেন শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, ভারতী ফুলমালি এবং রিচা ঘোষ-সহ দলের মূল সদস্যরা।

অন্যদিকে, ২০২৬ সালের নাগোয়া এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট প্রতিযোগিতা হবে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর। ফলে যদি এশিয়া কাপ ১৩ সেপ্টেম্বর শেষ হয়, তবে ফাইনালে ওঠা দুই দল মাত্র চার দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরশাহি থেকে জাপানে গিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।