আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের কাছে ৭৭ রানে হার মানে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ১৫ বছর বয়সী তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।
সূর্যবংশী মাত্র ১৬ বলে ৩৬ রান করেন। যার মধ্যে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদাকে পরপর দু' বলে দু'টি ছক্কা মেরে তাক লাগিয়ে দেন বৈভব। একটি ফাইন লেগের উপর দিয়ে এবং অন্যটি মিডউইকেটের ওপর দিয়ে।
ম্যাচ শেষে রাবাদা হাসিমুখে বলেন, তিনি তাঁর দীর্ঘদিনের প্রক্রিয়াতেই আস্থা রাখেন এবং ব্যাটসম্যান বিশ্লেষণ ও প্রস্তুতির মাধ্যমে মাঠে নামেন। তিনি জানান, মানসিক ও শারীরিক ক্লান্তি সামলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে টুর্নামেন্টের শেষ পর্যায়ে।
বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান রাবাদা। তিনি ৩ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন এবং টুর্নামেন্টে আপাতত সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ‘পার্পল ক্যাপ’ ধরে রাখেন। রাবাদা বলেছেন, ''১১ বছর ধরে যা করা হয়েছে, সেটাই তো কাজে লাগবে , তাই না? তাই আমি মনে করি এটা আসলে নিজের পরিকল্পনায় ভরসা রাখা এবং আশা করা যে কাজে লাগবে। তবে এর পিছনে অনেক পরিশ্রম থাকে, আর ব্যাটসম্যানদের দুর্বলতা বোঝার জন্য কিছু বিশ্লেষণও করা হয়। খেলায় এই ধরনের সূক্ষ্ম দিকগুলো থাকে, তবে মোটের উপর ব্যাপারটা একই রকম। একই পুরোনো ধারা, একই পদ্ধতি।''
চলতি আইপিএলে তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১ ম্যাচে ১৮।
গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শুভমান গিল। তিনি ৪৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ২০ ওভারে ৪ উইকেটে ২২৯ রানে পৌঁছে দেন।
জবাবে রাজস্থান রয়্যালসের ইনিংস ভেঙে পড়ে দ্রুত। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা যশস্বী জয়সওয়ালের নেতৃত্বে দলটি মাত্র ১৬.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। গুজরাটের হয়ে স্পিনার রশিদ খান ৪ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। জেসন হোল্ডার নেন ৩ উইকেট। আর মহম্মদ সিরাজ নেন ১ উইকেট।
সূর্যবংশীর ঝোড়ো শুরু সত্ত্বেও মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। অন্যদিকে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স।















