আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর কেরিয়ারে নতুন মাইলফলক। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার পর বৈভব এবার হাতে পেলেন টিম ইন্ডিয়ার জার্সি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাঁকে দলে নিয়েছে। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরই জাতীয় দলে ডাক পান বৈভব।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলের জার্সি তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই বিশেষ মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তরুণ ব্যাটার।

প্রতিটি ক্রিকেটারের কাছেই দেশের জার্সি পরা সবচেয়ে বড় স্বপ্ন। বৈভবের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হল মাত্র ১৫ বছর বয়সেই। বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দলের থ্রোডাউন স্পেশালিস্ট রঘুর কাছ থেকে নিজের প্রথম ভারতীয় সিনিয়র দলের জার্সি নিতে দেখা যায় বৈভবকে।

জার্সি হাতে পাওয়ার পর বৈভব বলেন, ‘এটা কেমন অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেদিন প্রথম ব্যাট হাতে নিয়েছিলাম এবং ক্রিকেট মাঠে অনুশীলন করতে গিয়েছিলাম, সেদিন থেকেই ভারতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই অনুভূতি সত্যিই অবিশ্বাস্য। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। জার্সিটা দেখেই হাসি থামাতে পারিনি।’

হোটেল রুমে জার্সি পৌঁছানোর মুহূর্তের কথাও জানান বৈভব। তিনি বলেন, ‘কখনও কখনও এমন কিছু ঘটে, যা আপনি কল্পনাও করেন না। আর যখন সেটা সত্যি হয়, তখন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন বুঝতে পারেন না। আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছিল।’

তবে দলে জায়গা পেলেও প্রথম একাদশে সুযোগ পাওয়ার লড়াইটা সহজ হবে না বৈভবের জন্য। ওপেনিংয়ের দুটি জায়গার জন্য তাঁকে লড়াই করতে হবে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো ব্যাটারদের সঙ্গে।

ভারতীয় দলের হয়ে বৈভব পেয়েছেন ৩ নম্বর জার্সি। এই নম্বরের জার্সি এর আগে পরেছিলেন ভারতের দুই প্রাক্তন তারকা হরভজন সিং এবং সুরেশ রায়না।