আজকাল ওয়েবডেস্ক: আবার চিন্নাস্বামীতে ফিরছে ক্রিকেট। আইপিএলের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুতে খেলবে বিরাট কোহলিরা। বাকি দুটি ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে খেলবে। মঙ্গলবার এমনই জানায় ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের বিজয়ীরা হোম গ্রাউন্ডে খেলতে পারবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। প্রথমবার খেতাব জয়ের পর সেলিব্রেশনের দিন ১১ জন ক্রিকেটপ্রেমী পদপৃষ্টের ঘটনায় প্রাণ হারায়। সেই ঘটনার পর থেকে চিম্নস্বামী থেকে সরে যায় ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটও হয়নি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারের ম্যাচ দূরের কথা, এমনকী মহারাজা ট্রফিও হয়নি। 

একটি বিজ্ঞপ্তিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে বলা হয়, 'ফ্যানদের কথা ভেবে ঘরের মাঠে খেলা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে আয়োজকরা। মাসের পর মাস কঠোর পরিশ্রম করা হয়েছে। বেঙ্গালুরুতে ক্রিকেট ফেরাতে সাহায্য করেছে কর্ণাটক সরকার, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কর্ণাটক পুলিশ। সবাইকে ধন্যবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সিংহভাগ হোম ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলতে পারবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, দুটো হোম ম্যাচ রায়পুরে হবে।'

আরসিবির সিইও রাজেশ মেনন বলেন, 'ফ্যানরা নিজেদের খেলা ঘরের মাঠে দেখতে চায়। চিন্নস্বামী স্টেডিয়াম আমাদের কাছে হোম গ্রাউন্ডের থেকেও বেশি। দল হিসেবে সেটাই আমাদের পরিচয়। প্লেয়াররা ফ্যানদের থেকে এনার্জি পায়। এটাই দলকে প্রতি পদক্ষেপে অনুপ্রাণিত করে। সমর্থকরা সর্বত্র আমাদের পাশে থেকেছি। ওদের ঘরের মাঠে দলের খেলা দেখার অধিকার আছে। বিস্তারিত আলোচনা এবং পর্যাপ্ত কাজ সম্পন্ন করার পর আমরা পাঁচটা ম্যাচ ঘরের মাঠে খেলার অনুমতি পেয়েছি। এটা সম্ভব করার জন্য কর্ণাটক সরকার, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কর্ণাটক পুলিশকে অসংখ্য ধন্যবাদ।' দীর্ঘ এক বছর পর আবার ক্রিকেট ফিরছে চিন্নাস্বামীতে। গতবছর আইপিএলের পর আর বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে কোনও স্থানীয় এবং আন্তর্জাতিক ম্যাচ হয়নি।