আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরু হতে ঠিক ন'দিন বাকি। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন বিরাট কোহলি। গতবার প্রথম চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। এবার খেতাব ধরে রাখার লড়াই। তার প্রস্তুতিতে প্রায় দশদিন আগে গার্ডেন সিটিতে পৌঁছে গেলেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ে। আরসিবির ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোহলি। গতবার ৬৫৭ রানে শেষ করেন। স্ট্রাইক রেট ১৪৪.৭১। গড় ৫৪.৭৫। তারমধ্যে রয়েছে আটটি অর্ধশতরান। তারকা ক্রিকেটারের ধারাবাহিকতা বেঙ্গালুরুর জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। অবশেষে রজত পতিদারের নেতৃত্বে ১৮ বছরের খরা কাটে।
এই মাইলস্টোন ছোঁয়ার পর এবার ধরে রাখার লড়াই। টি-২০ এবং টেস্ট থেকে অবসর নেন কোহলি। শুধু একদিনের ক্রিকেট এবং আইপিএল খেলেন। ৩৭ বছর বয়সেও এলিট ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ছন্দে কোনও পতন নেই। ইনিংস অ্যাঙ্করিংয়ের পাশাপাশি প্রয়োজনে মারমুখী ভূমিকাও পালন করেন। এই ফরম্যাটে পরিপূর্ণ ব্যাটার। সম্প্রতি একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফল। তিন ম্যাচের সিরিজে দুটো শতরান, একটা অর্ধশতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সাফল্য পান। একটি শতরান করেন। অন্য ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় আউট হন। এবার আইপিএলে এই ছন্দ ফেরাতে চান। ২৮ মার্চ চিন্নস্বামীতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে আরসিবি। আইপিএলে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এবারের আইপিএল শুরু করবেন কোহলি। ২৬৭ ম্যাচে তাঁর রান ৮৬৬১। তারমধ্যে রেকর্ড আটটি শতরান। সেই কারণেই বোধহয় এবার বাড়তি তাগিদ। সাধারণত আইপিএল শুরুর এতদিন আগে আরসিবির প্র্যাকটিসে যোগ দেন না কোহলি। কিন্তু এবার সেই রীতি ভাঙলেন। আইপিএলের এক সপ্তাহের বেশি আগে বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেন।
আইপিএলে ঘরের মাঠে ফিরছেন কোহলিরা। কর্ণাটক সরকারের থেকে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে গিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছিল। কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা এবং বিশেষজ্ঞের কমিটি। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয়া জানান, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর চিন্নস্বামীতে খেলার অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার। পুরো গ্যালারি নিয়েই হবে ম্যাচ। প্রস্তাব অনুযায়ী, ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে আরসিবি।
