আজকাল ওয়েবডেস্ক: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মাকে সতর্ক করলেন অভিজ্ঞ পেসার শিখা পাণ্ডে।
তাঁর মতে, টুর্নামেন্টে এ পর্যন্ত ভারতের ওপেনিং জুটি দুর্দান্ত পারফরম্যান্স করলেও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পেস আক্রমণের বিরুদ্ধে তাঁদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
দক্ষিণ আফ্রিকার পেস ত্রয়ী শাবনিম ইসমাইল, মারিজানে ক্যাপ এবং আয়াবোঙ্গা খাকার বোলিং ইতিমধ্যেই নজর কেড়েছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রোটিয়ারা মাত্র ১০.৪ ওভারে প্রতিপক্ষকে ৫০ রানে ৮ উইকেট ফেলে দেয়। সেই ম্যাচে মারিজানে ক্যাপ চার ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
শিখা পাণ্ডে বলেন, ''স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা ভারতের হয়ে একাধিকবার শুরুটা দারুণ করেছেন। এবার তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণই সেরা।''
তিনি আরও বলেন, ''শাবনিম ইসমাইল দুর্দান্ত প্রত্যাবর্তন করে এবং যথেষ্ট গতিতে বোলিং করছে। অন্যদিকে মারিজানে ক্যাপ অসাধারণ নিয়ন্ত্রণের সঙ্গে বল করছে। সুইং, সিম এবং বাউন্স সবকিছু দিয়েই তারা ভারতীয় ওপেনারদের পরীক্ষা নেবে।''
মন্ধানাকে নতুন বলে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পাণ্ডে বলেন, ''অতীতে স্মৃতি অনেকবার শরীর থেকে দূরের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপ বা উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। তাই মুভমেন্ট থাকা বলে তাকে আরও বাছাই করে শট খেলতে হবে।''
অন্যদিকে শেফালি ভার্মা ও শাবনিম ইসমাইলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। শিখা পাণ্ডের মতে, ''শেফালি চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আর ইসমাইল বাউন্সার ব্যবহার করতে ভয় পায় না। ফলে এই লড়াই জমে উঠবে।''
ভারত ইতিমধ্যেই পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ যে অনেক কঠিন হতে চলেছে, তা ভালোভাবেই জানে হরমনপ্রীত কৌরের দল।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ভারত। তাই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে সেই হতাশার জবাব দিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
















