আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ এখন অতীত। এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত বৈভব সূর্যবংশী।
বৈভব এখন বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর তার জন্য জোর কদমে পড়াশোনা চলছে বিহারের কিশোরের।
হাতে আছে আর তিন দিন। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বৈভবের দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা। বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর বলেছেন, ‘ক্রিকেটের ২২ গজ ছেড়ে পড়াশোনার পিচে নেমেছে বৈভব। ওর মতো ক্রিকেটার আমাদের স্কুলের ছাত্র। এটা আমাদের গর্ব। তবে কোনও বাড়তি সুযোগ বা সুবিধা ও পাবে না। সহপাঠীদের সঙ্গে একইভাবে পরীক্ষা দেবে।’
তিনি আরও বলেছেন, ‘দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্কুলেই দেবে বৈভব। অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছে। স্কুলে এসেছিল। ওকে নিয়ে শিক্ষকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। খানিকটা হইচই হয়েছে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে বাকিদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, বৈভবের জন্যও তা–ই। বাড়তি কিছু নয়। এটা পড়াশোনার জায়গা। ক্রিকেট মাঠ নয়। সুতরাং সকলেই সমান আমাদের কাছে। পরীক্ষার সময় বৈভব শুধু আমাদের একজন ছাত্র।’
বৈভবকে নিয়ে তো উন্মাদনা থাকতে পারে। পরীক্ষার সময় নিরাপত্তার সমস্যা হতে পারে। কিশোর বলেছেন, ‘আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছি। পরীক্ষা চালাতে সমস্যা হবে না বলেই আশা করছি। ছাত্রদের সুযোগ–সুবিধা, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই সকলে নিরাপদে বোর্ডের পরীক্ষা দিক।’
বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে বৈভব। সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ৫৫ বলে। টুর্নামেন্টে একটার পর একটা রেকর্ড করেছে বৈভব। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়। অনূর্ধ্ব–১৯ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। প্রথম প্লেয়ার হিসাবে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ এবং তার ফাইনাল–দু’য়েই সেরার পুরস্কার। আপাতত ক্রিকেট ছেড়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত বৈভব।
