আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়স, কিন্তু ব্যাটিংয়ে তিনি অনেক পরিণত। অনেক সিনিয়রকেও ছাপিয়ে গিয়েছেন বৈভব সূর্যবংশী। এখন থেকেই তাঁকে  'বস বেবি' বলে ডাকা হয়। 

আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে নজির গড়েন বৈভব। ৭৭৬ রান করে জিতে নেন অরেঞ্জ ক্যাপ। 

পাশাপাশি এক মরসুমে ৭২টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ড। গেইল ২০১২ সালে ৫৯টি ছক্কা মেরেছিলেন।

সম্প্রতি বৈভবের আত্মবিশ্বাসের একটি ঘটনা সামনে এনেছেন রাজস্থান রয়্যালসের হেড কোচ কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি এই ক্রিকেটার জানিয়েছেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বৈভব নাকি ঘোষণা করেছিলেন যে তিনি ১৩টি ছক্কা মারবেন।

সঙ্গকারার কথায়, ''আমরা লখনউয়ের বিরুদ্ধে ২২০ রানের লক্ষ্য তাড়া করছিলাম। বৈভব মাঠে নামার আগে আমার দিকে তাকিয়ে বলেছিল, কোচ, চিন্তা করবেন না, হয়ে যাবে। এরপর ড্রেসিংরুমে গিয়ে ডোনোভান ফেরেইরা ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে বলে, আমি আজ ১৩টা ছক্কা মারব, তোমরা শুধু বাকিটা করে দিও।''

যদিও শেষ পর্যন্ত ১৩টি নয়, ১০টি ছক্কা হাঁকান বৈভব। সঙ্গকারা আরও বলেন, ''ও যখন পাঁচটা ছক্কা মেরে ফেলেছিল, তখন সবাই ভাবছিল কী বলছে! কিন্তু পরে সবাই বুঝতে পারে, এই ছেলেটা সত্যিই করে দেখাতে পারে।''

জয়পুরে ১৯ মে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২০ রান তোলে। জবাবে রাজস্থান রয়্যালস মাত্র ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

বৈভব সূর্যবংশী মাত্র ৪৮ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর সঙ্গে ধ্রুব জুড়েল ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান।