আজকাল ওয়েবডেস্ক:‌ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হলেন গল্ফার টাইগার উডস। তবে ছাড়াও পেয়েছেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় দুর্ঘটনাটি ঘটে। বাড়ির সামনেই উডসের গাড়িটি পাল্টি খেয়ে গিয়েছিল। যদিও উডসের কোনও চোট লাগেনি। এই ঘটনার পরেই উডসকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতটা জেলে কাটাতে হয়েছে তাঁকে। শনিবার অবশ্য তিনি জেল থেকে ছাড়া পান।


সূত্রের খবর, শুক্রবার ফ্লোরিডার জুপিটার দ্বীপে স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে উডসের গাড়িটি। এরপরেই উডসের গাড়িটি পাল্টি খেয়ে যায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর নিজেই গাড়ি থেকে বেরিয়ে আসেন উডস। পুলিশের দাবি, উডস নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও তল্লাশিতে উডসের গাড়িতে কোনও নেশার দ্রব্য পাওয়া যায়নি। আবার উডস নিজেও মূত্রপরীক্ষা দিতে রাজি হননি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়। রাতটা জেলে কাটালেও শনিবার সকালে জামিনে ছাড়া পান উডস। 


এদিকে, জানা গিয়েছে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভানেসার সঙ্গে সম্পর্কে রয়েছেন উডস। যা নিয়ে বেশ রসালো গল্পও ছড়িয়েছে। উডসের এই দুর্ঘটনার খবর জানার পর ট্রাম্প আবার বলেছেন, ‘‌ও আমার বেশ ভাল বন্ধু। একটু সমস্যায় পড়ে গিয়েছে। আর কী করা যাবে।’‌ তবে এটা ঘটনা, এর আগেও একাধিকবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সমস্যায় পড়েছেন উডস।