আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ছ'দিন। তারপরই খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবেন বিরাট কোহলিরা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আবার আইপিএল ফিরবে চিন্নস্বামীতে। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। তাঁর প্র্যাকটিসের ভিডিও অনলাইনে ছেয়ে গিয়েছে। টানা তিন আইপিএলে ৬০০ রানের বেশি তারকা ক্রিকেটারের। এবার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কোটিপতি লিগ শুরু করবেন। লক্ষ্য নতুন মাইলস্টোন তৈরি করা। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আরসিবি। সেখানে প্রস্তুতির এক ঝলক দেখা যায়। সেখানে সতীর্থদের মোটিভেট করতে দেখা যায় কোহলিকে। আসন্ন মরশুমে নিজেদের আরও নিংড়ে দেওয়ার বার্তা দেন।
কোহলি বলেন, 'এই সাফল্য পেতে আমরা শেষ দু'তিন বছর খুবই পরিশ্রম করেছি। এবার আরও কঠিন হতে চলেছে। কারণ বাকি দলগুলো আমাদের বিরুদ্ধে সেরাটা দেবে। কোহলি বলেন, 'আমরা কোনও সময় নষ্ট করি না। আমরা এগিয়ে থাকার। চেষ্টা করি। সেশনে এক মিনিটও নষ্ট করা উচিত নয়। আগামী আড়াই মাসে আমাদের ১২০ শতাংশ দিতে হবে। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই কতটা উত্তেজিত।' গতবছর আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি।
নতুন মরশুমেও সাফল্য ধরে রাখার বিষয়ে আশাবাদী হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, 'আমার মনে হয় নিলামে আমরা যথেষ্ট ভাল করেছি। দলের উন্নতি হয়েছে। কয়েকজন নতুন প্লেয়ার নেওয়া হয়েছে। বিরাট কোহলি, রজত পতিদারদের পাশাপাশি এদেরও দলের অঙ্গ করে নেওয়া টিম বিল্ডিংয়ের অঙ্গ।' আইপিএলে ২৬৭ ম্যাচে কোহলির রান ৮৬৬১। তারমধ্যে রয়েছে আটটি শতরান এবং ৬৩ অর্ধশতরান। এবার আরও একটি মাইলস্টোনের লক্ষ্যে এগোবেন কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ৯০০০ রানের গণ্ডি পেরোনো লক্ষ্য।
আইপিএল শুরুর প্রায় দশ দিন আগে দলের সঙ্গে যোগ দেন বিরাট। আগের দিন সোশ্যাল মিডিয়ায় তাঁর প্র্যাকটিসের ভিডিও ভাইরাল হয়। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হতে দেখা যায়। বিরাটের লেগ স্ট্যাম্পকে লক্ষ্য করে বল করেন। যার ফলে ভারসাম্য হারিয়ে ফেলেন কোহলি। প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না জস হ্যাজলউডকে। জশ দয়ালকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যার ফলে ভুবনেশ্বর কুমারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে আরসিবির বোলিং। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন ভুবি।
