আজকাল ওয়েবডেস্ক: সার্বিয়ায় ক্রিকেট জনপ্রিয় নয়। কিন্তু টেনিস তারকা নোভাক জকোভিচ 'জেন্টলম্যানস গেম'-এর সঙ্গে পরিচিত হন ভারতের কিংবদন্তি বিরাট কোহলির মাধ্যমে।

বিরাটের খেলা দেখতে কোনওদিন জকোভিচ আসেননি। আবার জোকারের খেলা দেখার জন্য কোহলি বসে রয়েছেন গ্যালারিতে এমন দৃশ্য দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের যোগাযোগ। যা  ভক্তদের মুগ্ধ করেছে। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে জোকার ভারতের কিংবদন্তি তারকা প্রসঙ্গে বলেন, কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেন।

হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও জকোভিচ ও কোহলি একে অপরের বন্ধু হয়ে উঠেছেন।

জকোভিচ বলেন, “বিরাট ভাল বন্ধু এবং এমন একজন যাকে আমি অবশ্যই সম্মান ও শ্রদ্ধা করি। সত্যি বলতে, বিরাটের জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে আমি ক্রিকেট অনুসরণ করতাম না, কিন্তু ওর মাধ্যমে আমি এই খেলাটির প্রতি আগ্রহী হই। আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। আশা রাখি যদি ভারতে আসি, অবশ্য যদি বলতে চাই না, বরং যখন আমি ভারতে আসব, তখন আশা করি বিরাটও আমার সঙ্গে দেখা করবে। আমরা একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে পারি, মজা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দিতে পারি।'' 


ভারতের জন্য তাঁর বার্তা জানতে চাইলে জকোভিচ বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ভারত এবং এখানকার ভক্তদের প্রশংসা করে আসছেন। তিনি শীঘ্রই ভারত সফরের পরিকল্পনার কথাও জানান।

জকোভিচ বলেন, ''বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ভারতীয়দের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য ভালবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ভারতীয় ভক্তের সঙ্গে আমি দেখা করেছি। খুব শীঘ্রই ভারতে দেখা হবে, কারণ আমার যাওয়া দরকার। গত কয়েক বছর ধরে ভারতে যাওয়ার একটা টান অনুভব করছি। কোনও ইভেন্ট আয়োজন করতে, ম্যাচ খেলতে বা কোনও কারণে আমি ভারতে যাব বলেই আশা রাখি। ভারতের মানুষদের সঙ্গে একাত্মতা অনুভব করি।'' 

২৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা দুই ‘তরুণ প্রতিদ্বন্দ্বী’ কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন।

তিনি বলেন, ''সিনার ও আলকারাজের প্রতিদ্বন্দ্বিতাও দারুণ এবং অনন্য। কিন্তু আমার কাছে বিগ থ্রি সবসময়ই সর্বকালের সেরা হয়ে থাকবে।''