আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মাঝেই চরম দুঃসংবাদ ভারতীয় শিবিরে। প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং। ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পরদিনই ফিরে আসেন। যোগ দেন দলে।
জানা গেছে, গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুক্রবার সকালে। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খানচাঁদ মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’–তে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বৃহস্পতিবারের ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন।
এদিকে, টি–২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘রিঙ্কুর বাবা খানচাঁদ সিংয়ের প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত। এই সময়টা রিঙ্কু ও তাঁর পরিবারের কাছে সত্যিই কঠিন। টি–২০ বিশ্বকাপ চলছে। রিঙ্কু ও তাঁর পরিবারের জন্য রইল সমবেদনা।
