আজকাল ওয়েবডেস্ক: সব ঠিকঠাকই চলছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তিনটি ম্যাচ জিতে ভারত পৌঁছে গিয়েছে সুপার এইটে।
এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদবের মধ্যে কিছু একটা হয়েছিল। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও হার্দিকের পাশে এসে দাঁড়ান। বকাঝকা করেন কুলদীপ যাদবকে।
কলম্বোর প্রেমদাসায় পাকিস্তানকে অবলীলায় হারানোর পরে ভারতের সুখের সংসারে কি অশান্তির মেঘ? এই প্রশ্নই উঠতে শুরু করেছে।
কুলদীপের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার কী কথাবার্তা হচ্ছিল তা শোনা যায়নি। তবে যে ভিডিও ছড়িুয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যাচ্ছে, কুলদীপকে কিছু একটা বলছেন হার্দিক পাণ্ডিয়া। সূর্যকুমার যাদবকেও রাগত ভাবে কিছু বলতে শোনা গিয়েছে। সামনে দাঁড়ানো তিলক ভার্মাকেও উদ্বিগ্ন দেখাচ্ছিল। টেনশন কমানোর জন্য মাঝে চলে আসেন রিঙ্কু সিং। তিনি বরফ গলান। বিষয়টা অবশ্য বড় আকার নেয়নি। কুলদীপ ক্যাচ ফেলায় অসন্তুষ্ট হন সূর্যকুমার ও হার্দিক। তারই বহিঃপ্রকাশ ওই কথাবার্তা।
হার্দিক পাণ্ডিয়াই পাকিস্তানের শেষ উইকেটটি নেন। তাঁর ওভারের দ্বিতীয় ডেলিভারিতে শাহিন আফ্রিদি এগিয়ে গিয়ে বল তুলে মারেন লং অফে। কুলদীপ দাঁড়িয়ে ছিলেন বাউন্ডারি লাইনের কাছেই। ক্যাচ ধরেও শেষ মুহূর্তে তা কুলদীপের হাত থেকে ফস্কে যায়। বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। আউটের বদলে ছক্কা হয়। পাকিস্তানও স্বস্তি পায়। তবে এই ক্যাচ ছাড়লেও সমস্যায় পড়তে হয়নি ভারতকে। সেদিন পাকিস্তানকে সব অর্থেই ভারত দুরমুশ করে। ওভারের শেষ বলে গিয়ে হার্দিক উইকেট ভেঙে দেন আফ্রিদির।
ভারত-পাক ম্যাচে কি সত্যিকারের লড়াই আর হয়? নাকি কাগজেকলমেই কেবল গুরুত্ব রয়েছে?
দুই প্রতিবেশি দেশের মুখোমুখি সাক্ষাতের ফলাফল এখন ৮-১।
এই পাকিস্তান যতটা গর্জায়, ততটা বর্যায় না। এই পাকিস্তান ক্রিকেট নিয়ে রাজনীতি করে কিন্তু মাঠে নেমে ক্রিকেট খেলতে পারে না।
এই পাকিস্তান ভারতের বিরুদ্ধে নামলেই গুটিয়ে থাকে ভয়ে। আর নিয়ম করে ম্যাচ হারে।
কলম্বোতেও এর ব্যতিক্রম নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলল ভারত। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গেল ১১৪ রানে।
