আজকাল ওয়েবডেস্ক: নতুন দল, নতুন কোচ এবং নতুন সিস্টেম। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব পান গৌতম গম্ভীর। তিনি হটসিটে বসার আগেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। চ্যালেঞ্জ নেওয়ার পর দলের মধ্যে একটি লড়াকু মনোভাব নিয়ে এসেছেন গম্ভীর। প্রথম দল হিসেবে খেতাব ধরে রাখতে সক্ষম হয় ভারত। টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্ব। শোয়েব আখতার একটি অন্য আঙ্গিক তুলে ধরলেন। বরাবরই বিতর্কিত মন্তব্য করার প্রবণতা রয়েছে তাঁর। ভারতের বিশ্বকাপ জয়ের পর আবারও একটি অদ্ভুত কথা বলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব জানান, বিরাট কোহলি এবং রোহিত শর্মার জমানা থেকে বেরিয়ে আসা বিশ্বকাপ জয়ের অন্যতম ফ্যাক্টর। পাকিস্তানের একটি চ্যানেলে ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় ক্রিকেটের উন্নতিতে বিসিসিআইয়ের অবদান থেকে গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি। ভারতের ক্রিকেটিং গঠনের প্রশংসা করেন। শোয়েব বলেন, 'আমি ভারত সম্বন্ধে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, ওদের পলিসির জয়। ওদের সিস্টেম জিতেছে। বিশেষ করে ওদের ম্যানেজমেন্টের জয়। অর্থ সঠিক খাতে ব্যবহার নাও হতে পারত। গৌতম গম্ভীর লড়াই করে দু'জন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। প্রকাশ্যে ওদের পাশে দাঁড়ায়। সঞ্জু স্যামসনকে খেলানোর বড় ঝুঁকি নেন। কোনও সমঝোতার পথে হাঁটেননি। সঞ্জু স্যামসন কী করেছে আমরা সবাই দেখেছি। একটা প্লেয়ার দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। অভিষেকের বয়স কম। বাচ্চা ছেলে, তবে পরিণত। ক্রিকেট থেকে অনেক কিছু শেখার আছে, তবে ওর পরিণতবোধ আছে। গম্ভীরের পলিসি জিতেছে। ওর ম্যানেজমেন্টের জয়। আমরা সঠিক ভাবি, সুযোগ দিই, আমরা খেলি। এই মনোভাবের জয়।'
২০২৪ টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। শোয়েব দাবি করেন, দুই মহারথীকে বাদ দেওয়া হয়েছে। কারণ ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন দল গড়া লক্ষ্য ছিল। শোয়েব বলেন, 'অনেককে বাদ দেওয়া হয়েছে। তারমধ্যে দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিল। ওদের গুডবাই বলে দেওয়া হয়। এবার ভারত বিশ্বকাপ জিতল। ওরাও বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিল। একজন অধিনায়ক, একজন কিংবদন্তি। কিন্তু দল অন্য পথে হাঁটে। সিদ্ধান্ত যে সঠিক সেটা প্রমাণিত হল। সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানানো হয়। ভারতের সেলিব্রেশনের অঙ্গ হন দুই প্রাক্তন ক্রিকেটার রোহিত শর্মা এবং এমএস ধোনি। তোমরা যোগ্যতাকে প্রাধান্য দাও, তাই সেলিব্রেট করবে। তোমরা বিশ্বকাপ উপহার পেয়েছ, উপভোগ করো।' ভারতের স্ট্র্যাটেজি থেকে পারফরম্যান্স, সবকিছুর প্রশংসায় পঞ্চমুখ শোয়েব।
