আজকাল ওয়েবডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রী হারে সেমিফাইনালের আশায় ধাক্কা খেয়েছে। তবে রবি শাস্ত্রী মনে করছেন, এই সেটব্যাক থেকে ঘুরে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তন কোচের দাবি, এই ধাক্কা দরকার ছিল। তবে দ্রুত এর প্রতিকার খুঁজতে হবে। জানিয়ে দিলেন, আর হারার অবকাশ নেই। তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে। রবি শাস্ত্রী বলেন, 'টানা ১২ টা ম্যাচ জিতলেও একটা খারাপ দিন আসতেই পারে। ভাল হয়েছে এটা এত আগে চলে এসেছে। এটারই হয়ত দরকার ছিল ভারতের। এর ফলে স্ট্র্যাটেজি নিয়েও নতুন করে ভাবা হবে। বিশেষ করে টিম কম্বিনেশন নিয়ে।'
৭৬ রানে হারের পর সমালোচনায় বন্যা বয়ে যাচ্ছে। শাস্ত্রী জানান, হার থেকে শিক্ষা নিয়ে দ্রুত ফিরতে হবে। তিনি বলেন, 'এই অভিজ্ঞতা থেকে ওরা শিক্ষা নেবে। তাই হেলাফেলা করার জায়গা নেই। সুপার এইটে আরও একটা ম্যাচ হারলে বিপদে পড়তে হবে।' বোলিং বিকল্প আরও বাড়ানোর পক্ষে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে ফেরানোর কথা বলেন। শাস্ত্রী বলেন, 'অক্ষরকে ফেরাতেই হবে। অভিজ্ঞতা দরকার। আমি বলব, দু'জনকেই খেলাতে। একটা বাড়তি বিকল্প থাকুক। কারণ কোনও একজন বোলারের দিন ভাল নাও যেতে পারে।'
অক্ষরকে ফেরানো হলে ব্যাটিং গভীরতায় প্রভাব পড়বে মানতে চাননি রবি শাস্ত্রী। বলেন, 'টি-২০ ক্রিকেটে যদি আটজন ব্যাটার কিছু না করতে পারে, তাহলে নিশ্চয়ই কোনও ভুল আছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপে যে আগুন আছে। একজন বাড়তি বোলারের বিকল্প থাকা দরকার। আমার কাছে এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ।' ভারতের সামনে একটাই রাস্তা। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বড় রানে হারানো। সেক্ষেত্রে আর বাকিদের রেজাল্টের ওপর নির্ভর করতে হবে না।
