আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক ম্যাচে কি সত্যিকারের লড়াই আর হয়? নাকি কাগজেকলমেই কেবল গুরুত্ব রয়েছে?
দুই প্রতিবেশি দেশের মুখোমুখি সাক্ষাতের ফলাফল এখন ৮-১।
এই পাকিস্তান যতটা গর্জায়, ততটা বর্যায় না। এই পাকিস্তান ক্রিকেট নিয়ে রাজনীতি করে কিন্তু মাঠে নেমে ক্রিকেট খেলতে পারে না।
এই পাকিস্তান ভারতের বিরুদ্ধে নামলেই গুটিয়ে থাকে ভয়ে। আর নিয়ম করে ম্যাচ হারে।
কলম্বোতেও এর ব্যতিক্রম নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলল ভারত। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গেল ১১৪ রানে।
ভারত-পাক ম্যাচে নেই আগের মতো বারুদ। এখন একপেশে ম্যাচ হয়। দিনের শেষে ভারতের জয় হয় দস্তুর। এবার নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বৈরথের ফলাফল ৮-১। ম্যাচ জিতে ভারত পৌঁছে গেল সুপার এইটে।
ভারত-পাক ম্যাচ দেখতে দেখতে বিরক্ত পিসিবি চেয়ারম্যান খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান। পাকিস্তানের হার দেখার পরে মহসিন নকভি দলের ম্যানেজার নাভেদ আক্রাম চিমার কাছে অসন্তোষ প্রকাশ করেন।
সূত্রের খবর, পাকিস্তানের হার পরিষ্কার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান প্রেমদাসা ছেড়ে বেরিয়ে যান।
তিনি পরিষ্কার করে দলের ম্যানেজারের কাছে বার্তা রাখেন, এই ধরনের পারফরম্যান্স মোটেও বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, পাক কোচ মাইক হেসন সাজঘরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়দের বলেছেন, নিজেদের ক্ষমতা অনুয়ায়ী খেলেননি ক্রিকেটাররা।
ভারতের কাছে হারের পরে নামিবিয়ার বিরুদ্ধে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বেঞ্চে বসাতে চলেছে পাকিস্তান। সলমন মির্জা বা নাসিম শাহ এবং ফকর জামানকে নামিবিয়ার বিরুদ্ধে নামাতে পারে পাকিস্তান।
