আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সেরা ব্যাটদেরও ব্যাড প্যাচ চলে, বিরাট কোহলি ও রোহিত শর্মাও একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে মনে করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। দুই ভারতীয় তারকার রোগ ধরে ফেলে মুম্বইকর বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ঘরোয়া সিরিজ না খেলে ভুল করেছেন রোহিত-বিরাট।
লিটল মাস্টার বলেছেন, ''ওদের প্রস্তুতির দরকার ছিল। বাংলাদেশ সিরিজের পরে নিউজিল্যান্ড সিরিজের মধ্যে সময়ের ব্যবধান ছিল। বাংলাদেশকে হারানোর পরে ভারত মনে করেছিল নিউজিল্যান্ডকে খুব সহজেই হারিয়ে দেবে।''
কিউয়িদের বিরুদ্ধে নামার আগে দলীপ ট্রফি খেলে নিজেদের প্রস্তুত করতে পারতেন ভারতীয় ক্রিকেটাররা। সানি গাভাসকরের বক্তব্য এটাই। গাভাসকর বলেন, ''বিশ্বের সেরা ব্যাটসম্যানকেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনটে ম্যাচেই যে পিচ দেখা গেল, তাতে খুব সহজে ব্যাট করা সম্ভব নয়। বিশেষ করে বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসের কথা বলব। কিছুক্ষেত্রে ভাগ্যের সাহায্য দরকার। যেমন বলের লাইন মিস করেও বল উইকেটে লাগল না, কেউ ক্যাচ ফস্কাল, এলবিডব্লু থেকে বেঁচে গেল ব্যাটসম্যান। এগুলো হতেই পারে। কিন্তু খারাপ সময় যখন চলে, তখন কিছুই ঠিকঠাক হয় না। কেউ দুরন্ত কোনও ক্যাচ ধরল, দুরন্ত ডেলিভারি করল বোলার।''
গাভাসকর ভারত-নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গে বলছেন, ''নিউজিল্যান্ডের আক্রমণ অনেক শক্তিশালী। আইপিএল খেলার জন্য যারা ভারতে এসেছিল, তারা জানেন এ দেশের পিচের চরিত্র। নিউজিল্যান্ডের প্রায় অর্ধেক দল আইপিএলের বিভিন্ন পর্যায়ে খেলেছে। ফলে পিচের চরিত্র সম্পর্কে তাদের ধারণা ছিল।''
অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে ভারত আত্মসমর্পণ করার ফলে মানসিকতাও তলানিতে এসে ঠেকেছে ভারতের। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে কঠিন পরীক্ষায় বসতে হবে। পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে জিততে হবে। ড্র করতে হবে একটিতে। ভারতের কাজটা ক্রমশ কঠিন হতে চলেছে।
















