আজকাল ওয়েবডেস্ক: হেডিংলের পর বার্মিংহ্যাম। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা দুই টেস্টে শতরান করলেন শুভমান গিল। গড়লেন নজিরও।
দেশের কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক তিনি। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন শুভমান। একই সঙ্গে ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্সদের পাশেও জায়গা হল তাঁর। ইংল্যান্ডে গিয়ে নজির গড়লেন শুভমান।
২০১৪–১৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অধিনায়ক হয়েছিলেন কোহলি। অধিনায়ক হিসাবে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন তিনি। সেই নজির ছুঁয়ে ফেলেছেন শুভমান। পাশাপাশি মহম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টানা দু’টি শতরান করেছেন তিনি।
এছাড়া ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্টে শতরান করলেন শুভমান। লিডস এবং এজবাস্টন ছাড়াও ২০২৪– ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন তিনি। এই কৃতিত্ব রয়েছে আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকার এবং রাহুল দ্রাবিড়ের।
কোহলির আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে আছেন শুভমান। প্রথম দিনের শেষে ১১৪ রানে ব্যাট করছেন তিনি। এজবাস্টনে কোনও ভারতীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান কোহলিরই। ২০১৮ সালে ১৪৯ রান করেছিলেন তিনি। এর পর ২০২২–এ ঋষভ পন্থ ১৪৬ এবং ১৯৯৬–এ শচীন তেন্ডুলকার ১২২ রান করেছিলেন। শুভমান আপাতত চতুর্থ স্থানে আছেন। বৃহস্পতিবার আর ৩৬ রান করলে সব ভারতীয়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
দিনের শেষে ভারত তুলেছে ৩১০/৫। দলকে টানছেন গিল। ১১৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন জাদেজা (৪১)। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে শতরানের নিরিখে তিনি আছেন চারে। প্রথম তিন জন বিজয় হাজারে, সুনীল গাভাসকার ও বিরাট কোহলি। আর টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া মাত্রই টেস্টে ২০০০ রানও করে ফেলেছেন গিল। এই কৃতিত্ব তিনি অর্জন করেন লিডসে। আর বিরাট করেছিলেন ১১ বছর আগে এডিলেডে।
তবে এটা ঘটনা ম্যাচের যা পরিস্থিতি তাতে আরও রান চাই ভারতের। তার জন্য দ্বিতীয়দিন ভরসা গিল ও জাদেজা। এরপর ব্যাটার বলতে আছেন শুধু ওয়াশিংটন। অন্তত ৪০০ রান তো চাইই চাই বোর্ডে। তার বেশি হলে আরও ভাল। কারণ এই ইংল্যান্ড বাজবলে অভ্যস্ত।
















