আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি–টোয়েন্টি ক্রিকেটে এসেছে বড় ধরনের রদবদল। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনই এবার বাস্তব রূপ নিল। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের পর থেকে টি–টোয়েন্টি ফরম্যাটে তাঁকে দেখা যাচ্ছিল না। সেই শ্রেয়স এবার সরাসরি নেতৃত্বের দায়িত্বে ফিরলেন জাতীয় দলে।

শ্রেয়স ফিরলেন। কিন্তু ছিটকে যেতে হল সূর্যকুমার যাদবকে। ভারতীয় ক্রিকেট এমনই। 
গত ফেব্রুয়ারি–মার্চে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব নেতৃত্ব হারালেন। পাশাপাশি দল থেকেও বাদ পড়লেন। 

এদিন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে হতে চলা এশিয়ান গেমসকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে।

চমকের তালিকায় সবচেয়ে বড় নাম ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে নজর কাড়ার পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান  তিনি। সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই অভিষেক ঘটিয়ে ইতিহাস গড়তে পারেন এই তরুণ ব্যাটার।

ভারত আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'টি টি–টোয়েন্টি খেলবে। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ হবে। 

দলে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদীপ যাদব। বিশ্রামে রাখা হয়েছে হার্দিক পাণ্ডিয়া ও জশপ্রীত বুমরাহকে, যদিও এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে বুম বুম বুমরাহকে।

সূর্যকুমার যাদবের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠলেও নির্বাচকদের যুক্তি হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক ফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 

২০২৮ টি–টোয়েন্টি বিশ্বকাপের সময়ে তাঁর বয়স হবে ৩৮ বছর। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ধারাবাহিক নয়। সেই কারণেই সুযোগ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে, নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন টি–টোয়েন্টি দলে না থাকলেও অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল। তাঁর নেতৃত্বে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতে, পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসও ফাইনালে পৌঁছয়।

ব্যাট হাতেও ফর্মে আইয়ার। আইপিএল ২০২৫-এ ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান এবং আইপিএল ২০২৬-এ ১৬৮.৮১ স্ট্রাইক রেটে ৪৯৮ রান করেছেন তিনি।

সব মিলিয়ে নতুন নেতৃত্ব, তরুণ প্রতিভার উত্থান এবং বড় নামের বাদ পড়ায় ভারতের টি–টোয়েন্টি দলে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড-শ্রেয়স আইয়ার (অধিনায়ক),অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (ভাইস ক্যাপ্টেন), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী। 

এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল--শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, জশপ্রীত বুমরাহ