আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালের সেই বিষন্ন রাত আজও ভুলতে পারেন না ক্রিকেটপ্রেমীরা। থাইল্যান্ডের কো সামুইয়ের এক বিলাসবহুল ভিলায় নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের দেহ। তাঁর হঠাৎ এই মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেটবিশ্ব।
ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু চার বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। তাঁর দাবি, সরকারি নির্দেশে নেওয়া কোভিড-১৯ টিকার জন্যই মারা গিয়েছেন তাঁর বাবা।
সম্প্রতি 'টু ওয়ার্ল্ডস কোলাইড' নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকার সঙ্গে তাঁর বাবার মৃত্যুর সম্পর্ক থাকতে পারে। তিনি বলেন, ''আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এখন এটা বলা মোটেও বিতর্কিত নয়।''
জ্যাকসন আরও বলেন, ''খবরটি শোনার পরই আমার মনে হয়েছিল, এর জন্য সরকার দায়ী, কোভিড এবং টিকাও দায়ী।''
২০২২ সালে কো সামুইয়ে ছুটিতে থাকা অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। মৃত্যুর পর নানা গুঞ্জন ছড়ায়। ঘর থেকে কিছু ওষুধ সরানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকি তাঁর শরীরে ভায়াগ্রার উপস্থিতির কথাও সামনে আসে। তবে এসবের মধ্যেও জ্যাকসনের দাবি, প্রকৃত কারণ ছিল কোভিডের টিকা।
ভিক্টোরিয়া সরকারের উদ্যোগে আয়োজিত অন্ত্যেষ্টির সময়ে রাগ চেপে রাখতে হয়েছিল বলে জানান তিনি। জ্যাকসন বলেন,''আমি সরকার ও কোভিডকে দায়ী করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মনে হয়েছিল।''
যদিও শেষ পর্যন্ত সত্যটি হয়তো অজানাই থেকে যাবে বলেও স্বীকার করে নেন তিনি।
বর্তমানে জ্যাকসন শেন ওয়ার্ন লিগ্যাসি-র উদ্যোগের মাধ্যমে হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করছেন, যাতে ভবিষ্যতে আর কোনও পরিবারকে এমন আকস্মিক দুঃসংবাদ পেতে না হয়।
















