আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব এফসিতে নজর কেড়েছেন। এবার মোহনবাগানের জার্সিতে অভিষেক হতে চলেছে ডেজান ড্রাজিচের। শুরুতেই ডার্বি। তারপর বিনা প্রস্তুতিতে। মাত্র তিন-চারদিন প্র্যাকটিসের সুযোগ পান। এমন পরিস্থিতিতে ডার্বি খেলা কতটা কঠিন? ড্রাজিচ বলেন, 'কাল দেখা যাবে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার কোনও চোট নেই। শুধু অনেকদিন মাঠের বাইরে।' শনিবারের ডার্বিতে দলের একমাত্র বিদেশি সার্বিয়ান। শুক্রবার সন্ধেয় সবে কলকাতায় পৌঁছেছেন অ্যালবার্তো রডরিগেজ। তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না মোহনবাগানের নতুন হেড কোচ। ফলে দলের একমাত্র বিদেশি হিসেবে কি ড্রাজিচের ওপর বাড়তি চাপ থাকবে? তেমন মনে করছেন না সার্বিয়ান। বরং জানান, এমন চাপ তিনি উপভোগ করেন। ড্রাজিচ বলেন, 'আমি এটা পছন্দ করি। ডার্বির আগে একটু ইতিবাচক চাপ অনুভব করতে চাই। আমি ডার্বি নিয়ে খুবই উত্তেজিত।'
কলকাতায় পা রেখেই সমর্থকদের ভালবাসার ঘেরাটোপে আটক হন। যা সার্বিয়ান মিডিওকে আপ্লুত করেছে। জানান, ফুটবল জীবনে প্রথমবার এমন সমর্থনের সাক্ষী থাকেন। ড্রাজিচ বলেন, 'প্রথমবার আমার সঙ্গে এমন ঘটল। আমি খুবই আপ্লুত। ভাবতে পারিনি সমর্থকরা এতটা আপন করে নেবে।' মোহনবাগানে সই করার আগে জনি কাউকো এবং আর্মান্দো সাদিকুর সঙ্গে কথা বলেন সার্বিয়ান মিডিও। দু'জনেই কলকাতার ক্লাবের ভূয়শী প্রশংসা করেন। এই প্রসঙ্গে ড্রাজিচ বলেন, 'আর্মান্দো বলেছে, মোহনবাগান বড় ক্লাব। খুব ভাল দল। ডার্বি ভারতীয় ফুটবলকে অন্য পর্যায় নিয়ে যায়। আমি কাউকোর সঙ্গেও কথা বলেছি।'
আগের আইএসএলে পাঞ্জাবের মাঝমাঠের হৃদপিণ্ড ছিলেন। সার্বিয়ান মনে করেন, এবার তাঁর কাজটা তুলনায় সহজ। কারণ দলে সেরা প্লেয়াররা রয়েছে। শনিবার সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান মোহনবাগানের নতুন বিদেশি। ডার্বিতে প্রথম একাদশে থাকবেন না সার্বিয়ান তারকা। পরিবর্ত হিসেবে নামবেন। পুরো ম্যাচ ফিট নয়। ২০-২৫ মিনিট খেলার মতো অবস্থায় আছেন। তাঁকে দেখে নিতে চাইবেন মোহনবাগানের নতুন কোচ প্যানোস।
















