আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। হাইব্রিড মডেলে ভারত ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে ভারত না গেলেও অধিনায়ক রোহিত শর্মা টুর্নামেন্টের আগেই পাকিস্তান যাচ্ছেন। কিন্তু কেন?‌ আসলে আইসিসি টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়কদের নিয়ে ফটোশুটের অনুষ্ঠান করে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এছাড়া বিভিন্ন অধিনায়কদের কথা বলার সুযোগ করে দেওয়া হয় ইভেন্টের আগে। আর সেকারণেই রোহিত যেতে পারেন পাকিস্তান। ট্রফি সহ সমস্ত অধিনায়কদের ফটোশুটের জন্য।


ওই ইভেন্টে একটি সাংবাদিক সম্মেলনও আয়োজন করা হবে। যেখানে অধিনায়করা টুর্নামেন্ট নিয়ে তাদের প্রত্যাশার কথা জানাবেন। 


এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে আট দল। সব দলের অধিনায়করাই এই ফটোশুটে উপস্থিত থাকবেন। তবে রোহিতের যাওয়ার ব্যাপারটা এখনও নিশ্চিত নয়। 


এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত ছাড়া সব দেশই খেলবে পাকিস্তানে। অবশ্য ভারত এখন আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত। ঘরের মাঠে ২২ জানুয়ারি শুরু হবে সিরিজ। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ভারত গ্রুপের তিনটি ম্যাচই খেলবে দুবাইয়ে। সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। আর ফাইনালে উঠলেও ভারত খেলবে সেই দুবাইয়েই।