আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। বুধবার আহমেদাবাদে তৃতীয়, তথা শেষ ম্যাচ। সিরিজ পকেটে পুরে নেওয়ায় এদিন দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। কয়েকজনকে সুযোগ দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অর্শদীপ সিংকে খেলানো হতে পারে। এছাড়াও বিশেষ নজর থাকবে বিরাট কোহলির দিকে। টপ অর্ডারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। তিন এবং চার নম্বরে নামবেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল থেকে যশস্বী বাদ পড়ায়, তাঁর খেলার সম্ভাবনা কম। যার ফলে ওপেন করবেন গিলই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সফল অক্ষর প্যাটেল। কিন্তু তৃতীয় একদিনের ম্যাচে তাঁর জায়গায় খেলতে পারেন কুলদীপ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন রিস্ট স্পিনার। তাই তাঁকে গেম টাইম দেওয়া হতে পারে।
আহমেদাবাদে দলে আরও একটি পরিবর্তন হতে পারে। কেএল রাহুলের জায়গায় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। চলতি সিরিজে ফর্মে নেই রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পন্থকে তৈরি রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। হর্ষিত রানার জায়গায় দলে ফিরতে পারেন অর্শদীপ সিং। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে নিজের জায়গা পাকা করেন কেকেআরের পেসার। তৃতীয় একদিনের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মহড়া সারবে ভারতীয় দল। তাই দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
















