আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মার দুর্দান্ত শতরান সবাইকে চমকে দিয়েছিল। শুধু তাই নয়, ম্যাচটি ঘিরে তৈরি হয়েছিল বাড়তি আবেগ, কারণ এর আগে জল্পনা ছড়িয়েছিল যে এই ম্যাচই হয়তো ভারতের জার্সিতে রোহিতের শেষ ওয়ানডে হতে চলেছে।

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, নির্বাচক কমিটি এবং দলের টিম ম্যানেজমেন্ট রোহিতকে জানিয়ে দিয়েছিল যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না। তবে তৃতীয় ওয়ানডের দু’দিন আগে সেই জল্পনায় ইতি টানেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। প্রকাশ্যে তিনি জানান, রোহিত এখনও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

এবার সর্বভারতীয় এক দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিতকে ঘিরে এই ঘটনা বিসিসিআইয়ের অন্দরমহলে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবং বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, নির্বাচক কমিটির কয়েকজন সদস্য এবং টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করছিলেন, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিতকে রাখা উচিত নয়। কিন্তু দেবজিৎ সইকিয়ার মন্তব্যের পর নির্বাচকরা নাকি নিজেদের অবস্থান বদলে যাওয়ায় অসন্তুষ্ট হন। তাঁদের ধারণা, সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া চাপের কারণেই বিসিসিআই সচিব নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, নির্বাচক কমিটির কয়েকজন এখনও মনে করেন, রোহিতকে দলে রেখে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা ভারতের জন্য কঠিন হতে পারে।

এদিকে, আগরকরের নির্বাচক প্রধান হিসেবে মেয়াদ নিয়েও শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে, তাঁর জায়গায় ভিভিএস লক্ষ্মণকে সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবছে বিসিসিআইয়ের শীর্ষ মহল।

আগরকরের চুক্তির মেয়াদ প্রথমে ২০২৬ সালের জুন পর্যন্ত ছিল। পরে বিসিসিআই তাঁকে আরও তিন মাসের জন্য বাড়তি সময় দেয়। অনেকের ধারণা ছিল, তাঁর মেয়াদ ফের বাড়িয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।