আজকাল ওয়েবডেস্ক:‌ অধিনায়ক হিসেবে টি–২০ বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেট খেলেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সেও দেশের হয়ে ট্রফি জেতার স্বপ্ন দেখেন রোহিত। কয়েক দিন আগে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে রোহিতের নাম। তাঁর এবং তাঁর পরিবারের কাছে এই সম্মানের গুরুত্বের কথাও জানিয়েছেন রোহিত।


দূরদর্শন স্পোর্টসের পোস্ট করা ভিডিওয় রোহিত বলেছেন, ‘পদ্মশ্রী প্রাপ্তি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ একটা মুহূর্ত। আমাকে এই সম্মানের জন্য বিবেচনা করা ভারত সরকারকে ধন্যবাদ। আমার ক্রিকেটজীবনে বিভিন্ন সময় যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, ক্রিকেটে বিশেষ অবদানের জন্য রোহিতকে পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার।


দেশের জার্সি পরে এখনও মাঠে নামতে এবং ট্রফি জিততে কতটা মরিয়া, সেটাও জানিয়েছেন রোহিত। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘সব সময় চেষ্টা করব দেশের জন্য ম্যাচ এবং ট্রফি জিততে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।’


২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। তাঁর নেতৃত্বে টি–২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ১৯ বছর ধরে খেলছেন দেশের হয়ে। টেস্ট এবং টি–২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিতের লক্ষ্য ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ জেতা। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তাই রোহিতের এখন লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জয়।