আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। অবশেষে চোট সারিয়ে আইপিএলেই মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের অনুশীলনেও যোগ দিয়েছেন। বেশ কয়েক কেজি ওজনও ঝরিয়েছেন এলএসজি অধিনায়ক। ঠিক যেমনটা ঝরিয়েছিলেন রোহিত শর্মা।
এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, চোট সারিয়ে ফের মাঠে ফেরার জন্য তিনি যুবরাজ সিংয়ের শরণাপন্ন হয়েছিলেন। মুম্বইয়ে গত সপ্তাহে যুবরাজের কাছে অনুশীলন সেরেছেন ঋষভ।
এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপের বেশ কিছু আগে চোট পেয়ে গিয়েছিলেন পন্থ। এরপরই টি–২০ দলে সুযোগ পান ঈশান কিষান। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন কিষান।
এটা ঘটনা, সাদা বলে বিশেষ করে টি–২০ তে এখন কিষান ও সঞ্জু রয়েছেন। ৫০ ওভারে রাহুল রয়েছেন। তাই সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে কামব্যাক করতে হলে ঋষভকে আইপিএলে দারুণ কিছু করতে হবে। আর ঋষভ বলছেন, ‘দলে এবার বেশ কিছু বদল এসেছে। কিছু পুরনো মুখও রয়েছে। সবার সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠাটা জরুরি। ক্রিকেট নিয়ে সবার সঙ্গে কথা বলতে হবে। সবাই মিলে লড়তে হবে। তবেই উন্নতি করা যাবে।’
এটা ঘটনা, গতবার সাতে শেষ করেছিল লখনউ। এবার প্রথম লক্ষ্য প্লে–অফে ওঠা। আশা করা হচ্ছে, ১৬ মার্চ নাগাদ দলের সব ক্রিকেটাররা চলে আসবেন। তারপরই শুরু হবে আসল লড়াই।
১ এপ্রিল আইপিএলে অভিযান শুরু করবে লখনউ। ঘরের মাঠে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
এদিকে, আইপিএল শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। টি–২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ে পেসারের। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে।
যদিও কেকেআরের তরফে এখনও সরকারিভাবে মুজারবানির নাম ঘোষণা করা হয়নি। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ যাওয়ার পর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি কেকেআর। তবে মুজারবানির নাম কেকেআরের তালিকায় সবচেয়ে আগে রয়েছে। এটা ঘটনা পেস আক্রমণ নিয়ে চিন্তিত কেকেআর। মাথিসা পাথিরানা ও হর্ষিত রানা চোট পেয়ে বসে আছেন। কবে নামবেন ঠিক নেই। এই পরিস্থিতিতে কেকেআর কাকে নেয় সেটাই দেখার।
