আজকাল ওয়েবডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র-ইজরায়েলের বোমা হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপদে পড়েছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ।
উপসাগরীয় অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়ে আটকে পড়েছিলেন ভারতের তারকা শাটলার ও দু’বারের অলিম্পিক পদকজয়ী ‘পিভি সিন্ধু’।
অবশেষে নিরাপদে বেঙ্গালুরুতে ফিরেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি। দুবাই হয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু আচমকা পরিস্থিতির অবনতি ঘটায় গত শনিবার থেকে তিনি দুবাইয়ে আটকে পড়েন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় টুর্নামেন্টেও অংশ নিতে পারছেন না তিনি। দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সিন্ধু বলেন, ‘বেঙ্গালুরুতে নিজের বাড়িতে নিরাপদে ফিরেছি। গত কয়েক দিন খুবই অনিশ্চিত ও কঠিন ছিল। কিন্তু বাড়িতে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। কঠিন সময়ে আমাদের দেখভাল করার জন্য দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্মী, ইমিগ্রেশন এবং গ্রাউন্ড টিমকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সহমর্মিতা ও পেশাদারিত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তিনি আরও জানান, ‘আপাতত বিশ্রাম, তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবার সময়।’ অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ হওয়ার কথা ছিল থাইল্যান্ডের ‘সুপানিদা কাতেথং’।
তবে সিন্ধুর অনুপস্থিতিতে টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন ‘লক্ষ্য সেন’ ও ‘আয়ুষ শেট্টি’। বিকল্প রুটে বার্মিংহামে পৌঁছে তাঁরা প্রতিযোগিতায় অংশ নেবেন। উল্লেখ্য, গত শনিবার থেকে দুবাইয়ে আটকে পিভি সিন্ধু।
ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, সিন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। তবে এই মুহূর্তে তাঁদের হাতে কিছুই নেই। সঞ্জয় বলেছেন, ‘আমরা নিয়মিত ওর সঙ্গে যোগাযোগ রাখছি। এখন কিছুই আমাদের হাতে নেই। দুর্ভাগ্যবশত সিন্ধুর হয়তো অল ইংল্যান্ডে খেলা হবে না। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছে, দরকারে তারা ম্যাচের সূচি পাল্টে দিতে পারে। তবে আমাদের হাতে এখনও কোনও বিকল্প নেই।’
দুবাই হয়ে বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। তিনি আটকে রয়েছেন হোটেলে। আগামী কয়েক দিনের সব বিমান বাতিল করা হয়েছে। কোচ বিমল কুমার সোমবার সকালে বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দিতেন।
তিনি গোটা সফরই বাতিল করেছেন। সিঙ্গলস খেলোয়াড় উন্নতি হুডা বিমানের সূচি বদলে নিয়েছেন। তিনি সিঙ্গাপুর হয়ে বার্মিংহ্যাম যাচ্ছেন। লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদেরা বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন। মালবিকা বনসোদ জার্মানি থেকে যাচ্ছেন।
সিন্ধুর পক্ষে সড়কপথেও যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। প্রসঙ্গত, রবিবার সোশ্যাল মিডিয়ায় সিন্ধু লিখেছিলেন, ‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।’
