আজকাল ওয়েবডেস্ক: আরও একটি সোনা। এবার বক্সিং থেকে। গ্লাসগোতে মহিলাদের ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের প্রীতি পাওয়ার। কানাডার স্কারলেট সাভান্না ডেলগাডোকে ৫-০ ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন। ফাইনালে প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখেন। নিখুঁত ফুটওয়ার্ক, কম্বিনেশন প্লে এবং কৌশলগত শৃঙ্খলার মাধ্যমে প্রীতি প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি। তিন রাউন্ডেই পাঁচজন বিচারক সর্বসম্মতভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন। দ্বিতীয় রাউন্ডে একটি নকডাউন তাঁর আধিপত্যকে আরও স্পষ্ট করে তোলে। এই জয়ের মাধ্যমে কমনওয়েলথে বক্সিংয়ে প্রীতি ভারতের জন্য প্রথম সোনা এনে দেন। এর আগে সেমিফাইনালে তিনি জাম্বিয়ার ক্যাথরিন মওপেকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন। তাঁর ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বক্সার।

প্রীতির এই সাফল্য তাঁর দীর্ঘ প্রস্তুতি এবং কঠোর পরিশ্রমের ফল। ২০২৩ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়েন। এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি অলিম্পিক কোটা অর্জন করেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নেন। যদিও শেষ ষোলোতে থেমে যান। কিন্তু সেই অভিজ্ঞতা তাঁকে আরও শক্তিশালী করে তোলে। পরবর্তীতে বিশ্বকাপ ফাইনাল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। গ্লাসগোতে এই সোনার পদক তাঁর কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক। ভারতের মহিলা বক্সিংয়ের শক্তি এবং সম্ভাবনা আবারও বিশ্বমঞ্চে প্রমাণিত হল। দেশের ক্রীড়াপ্রেমীরা প্রীতির এই সাফল্যে উচ্ছ্বসিত। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবেন ভারতীয় বক্সের।