আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। টি–২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ে পেসারের। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির।


প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে। 


এটা ঘটনা মুজারবানির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে পিসিবি। প্রসঙ্গত, পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুজারবানি। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে দলে নিতে চায় কেকেআর কর্তৃপক্ষ। এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।


শোনা যাচ্ছে, পিএসএল কর্তৃপক্ষ মুজারবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা রয়েছে।


যদিও  কেকেআরের তরফে এখনও সরকারিভাবে মুজারবানির নাম ঘোষণা করা হয়নি। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ যাওয়ার পর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি কেকেআর। তবে মুজারবানির নাম কেকেআরের তালিকায় সবচেয়ে আগে রয়েছে। এটা ঘটনা পেস আক্রমণ নিয়ে চিন্তিত কেকেআর। মাথিসা পাথিরানা ও হর্ষিত রানা চোট পেয়ে বসে আছেন। রানা তো ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। 

এদিকে, ২০২৬ আইপিএলেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তাঁর কথায়, সব ম্যাচই খেলবেন ধোনি। তবে কোন ভূমিকায় দেখা যাবে মাহিকে তা জানা যায়নি।


ধোনির আইপিএল অবসর নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলছেন, এবারই সম্ভবত শেষবার আইপিএলে ক্রিকেটার হিসেবে দেখা যাবে ধোনিকে।