আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে মেয়েদের বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ এবং পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারায় ওপার বাংলার মেয়েরা। অন্যদিকে শারজায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের শুরুটা জঘন্য হয়েছিল বাবর আজমদের। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। ছেলেরা না পারলেও, শুরুটা ভাল করল পাকিস্তানের মেয়েরা। ৩১ রানে জিতল তাঁরা। ৩০ রানের পাশাপাশি জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা ফাতিমা সানা। অধিনায়কের ভূমিকা পালন করেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু বড় রান করতে পারেনি। ২০ ওভারের শেষে ১১৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ রান ফাতিমার। ৩০ করেন দলের নেতা।
অল্প রান তাড়া করতে নেমে জেতার হাতছানি ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। নির্ধারিত ওভারের শেষে ৮৯ রানে থামে শ্রীলঙ্কা। তিন উইকেট সাদিয়া ইকবালের। জোড়া উইকেট নেন ফাতিমা সানা, ওমাইমা সোহেল এবং নাশরা সান্ধু। অন্যদিকে মেয়েদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম সংস্করণে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান শোভানা মস্তারির। ৩৬ করেন তিনি। রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ডে ইনিংস। ৪৯ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি সারা ব্রাইস। ১৬ রানে জেতে বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ঋতু মনি।
















