আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এমন ঘটনা যে আগে শোনা যায়নি তেমন না। তবে এবার অভিনব বিষয় হল, সরাসরি লাইভ সম্প্রচারে নিজের বাদ পড়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করেন খুশদিল শাহ। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলেন তিনি। সম্প্রতি লাহোর কালান্ডারের বিরুদ্ধে ১৪ বলে ৪৪ রান করেন। যা গদ্দাফি স্টেডিয়ামে করাচিকে জিততে সাহায্য করে। জয়ের পর রামিজ রাজার সঙ্গে কথা বলেন খুশদিল। কেন তাঁকে পাকিস্তানের জাতীয় দলে নেওয়া হয় না, সেই নিয়ে প্রশ্ন করেন। খুশদিল বলেন, 'বাকি প্লেয়ারদের থেকে আমি আলাদা। আমি সোশ্যাল মিডিয়ায় নেই। আমাকে কেন নেওয়া হয়নি সেটা নিয়ে কান্নাকাটিও করি না। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করে আমি ৭০০-৮০০ রান করেছি। তারপরও আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।' ম্যাচের পর সাক্ষাৎকারে এমন কথা জানান পাকিস্তানের ক্রিকেটার। দলে সুযোগ না পাওয়া নিয়ে সওয়াল করেন।
এদিকে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল, সেটা খারিজ করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের শেষে মেডিক্যাল রিভিউয়ের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির বিবৃতি অনুযায়ী, মুস্তাফিজুরের চোটের জায়গায় স্ক্যান হবে। তারপর বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রিহ্যাবে শুরু করবে। যার বলে পিএসএলের বাকি মরশুম থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার। বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর মুস্তাফিজুরের অবস্থা রিভিউ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। অবিলম্বে স্ক্যান করা হবে। তারপর রিহ্যাব শুরু হবে। তাই ছাড়পত্র প্রত্যাহার করা হল। তাই পিএসএলের বাকি মরশুমে মুস্তাফিজুর খেলতে পারবে না।' প্রথমে আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। বাংলাদেশের পেসারকে ৯ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসআইয়ের নির্দেশে আইপিএল শুরু হওয়ার আগেই ছেড়ে দেওয়া হয় মুস্তাফিজুরকে। তারপর পিএসএলে যোগ দেন।















