আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্লেয়ারদের নিয়ে সরব হলেন সুনীল গাভাসকর। সানরাইজার্সের এই সিদ্ধান্তকে সমর্থন করেন না কিংবদন্তি। সম্প্রতি আবরার আহমেদকে নিয়ে তোলপাড় বিশ্বক্রিকেট। হান্ড্রেডের নিলামে বিশাল অঙ্কে তাঁকে কেনে সানরাইজার্স লিডস। কিন্তু সেই নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সানরাইজার্স লিডসের এক্স অ্যাকাউন্ট সাময়িকভাবে নির্বাসিত হয়ে যায়। সানরাইজার্সের মালিকদের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং সাউথ আফ্রিকা ২০ তে সানরাইজার্স ইস্টার্ন কেপ দল আছে। আইপিএলে পাকিস্তান প্লেয়াররা খেলে না। শুধুমাত্র ২০০৮ সংস্করণে অংশ নিয়েছিল। মুম্বইয়ে জঙ্গিহানার পর পাকিস্তানিদের আইপিএলে আর দেখা যায় না। অনেক ভারতীয় ফ্র্যাঞ্চাইজির বিদেশের লিগে দল আছে। কিন্তু তাঁরাও পাকিস্তানের প্লেয়ারদের নেয় না। তবে এবার সেই পথে হাঁটেনি সানরাইজার্স। ভাঙলেন রীতি। যা নিয়ে তোলপাড় বিশ্বক্রিকেট। প্রচণ্ড সমালোচিত হতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালকিন কাব্য মারানকে।
এবার এই নিয়ে সরব হলেন সুনীল গাভাসকর। একটি কলমে সুনীল গাভাসকর বলেন, 'হান্ড্রেডে ভারতীয় ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া নিয়ে আমি অবাক। ২০০৮ নভেম্বরে মুম্বই আক্রমণের পর থেকে পাকিস্তানের প্লেয়ারদের কেনে না ভারতীয় ফ্র্যাঞ্চাইজির মালিকরা। পাকিস্তানি প্লেয়ারদের যে অর্থ দেওয়া হয়, সেটা ওরা পাকিস্তান সরকারকে কর দেওয়ার খ্যাতে ব্যয় করে। ওরা সেই টাকা দিয়ে অস্ত্র কেনে। যা ভারতীয় সেনাদের মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ভারতীয় ফ্র্যাঞ্চাইজির মালিকের দল দেশের লিগে খেলুক বা বিদেশের, পাকিস্তানের প্লেয়ারদের নেওয়া মানে অলক্ষে ভারতীয়দের জন্য মরণফাঁদ তৈরি করা। ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের ক্রিকেটার। এই রসায়ন ও বুঝবে না। সেই কারণে হয়ত দলে কিছু পাকিস্তানি প্লেয়ারকে চেয়েছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজির মালিকের পরিস্থিতি বোঝা উচিত ছিল, এবং এটা আটকানো উচিত ছিল। ভারতীয়দের জীবনের থেকে কি অনামী টুর্নামেন্ট জেতা গুরুত্বপূর্ণ?'
ফ্যানদের ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করার উপদেশ দেন কিংবদন্তি। সানি বলেন, 'আমার মনে হয় ফ্যানদের বয়কট করা উচিত। ভক্তরা প্রতিবাদ জানাতেই পারে। দলে একাধিক স্ট্রোকমেকার থাকা সত্ত্বেও, সমর্থকরা ম্যাচ বয়কট করতেই পারে। এখনও ভুল সংশোধনের সময় আছে। আশা করছি সেটাই হবে।' এদিকে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, বোর্ড কোনও হস্তক্ষেপ করতে পারবে না। কারণ বিদেশি লিগে খেলার জন্য সই করানো হয়েছে পাকিস্তানের ক্রিকেটারকে। এই সিদ্ধান্ত শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিকেই নিতে হবে। সানরাইডার্সের মালকিন কি করেন সেটাই দেখার।
