আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান দলের এই শোচনীয় অবস্থার জন্য পিসিবিকে দায়ী করলেন প্রাক্তন ওপেনার মুদাস্সার নজর। বাবর আজম এবং শাহিন আফ্রিদির মধ্যে ঝামেলার জেরে ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান দল। পাক দলের প্রাক্তনী মনে করেন, একজন অধিনায়ককে যথাযথ সমর্থন করা উচিত বোর্ডের। একইসঙ্গে পূর্ণ আস্থা রাখা উচিত। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এই নিয়ে দ্বিতীয়বার। ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথমবার পদত্যাগ করেন তিনি। তারপর সাদা বলের ক্রিকেটে শাহিনকে অধিনায়ক করা হয়। কিন্তু আবার তাঁকে সরিয়ে মার্চে ফের বাবরকে ফিরিয়ে আনে পিসিবি। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, নিজেদের কর্মের ফল পাচ্ছে পাকিস্তান বোর্ড। মুদাস্সার বলেন, 'এই অবস্থার জন্য আমরাই দায়ী। একটা সেটআপ ঘেঁটে দেওয়া উচিত নয়। একজন স্থায়ী অধিনায়ক ছিল। ওকে কিছুটা সময় দেওয়া উচিত ছিল। অন্য কাউকে অধিনায়ক করে আনা হলে, তাঁর ওপরও আস্থা রাখা উচিত।'
পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। একদিনের এবং টি-২০ বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স। ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে সিরিজ হার। পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলে সমস্যার শেষ নেই। তার জন্য সরাসরি বোর্ডকে দুষলেন। মুদাস্সার বলেন, 'বর্তমানে আমাদের অবস্থা ভাল নয়। তারমধ্যে অধিকাংশটাই নিজেদের দোষে। যেভাবে পাকিস্তানে ক্রিকেট চলে! কেউ এই বিষয়টা নিয়ে ভাবেনি। বছরে দুই, তিন, চার মাস অন্তর বোর্ডে পরিবর্তন হয়। এতেই আরও ক্ষতি হয়েছে। আশা করছি পাকিস্তান ক্রিকেট আবার স্বমহিমায় ফিরবে।' অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান
দল।
















