আজকাল ওয়েবডেস্ক: ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচের আগে দর্শকদের জন্য পাকিস্তানের বিমানবাহিনী কলা কৌশল প্রদর্শন দেখাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান বিমানবাহিনীর জন্য নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করা হয়েছে। পাকিস্তান এয়ার ফোর্সের বিখ্যাত ‘শেরদিল অ্যারোবেটিকস’ দল থাকবে এই প্রদর্শনী অনুষ্ঠানে। বেশ কিছু যুদ্ধবিমানও তাদের কলা কৌশল দেখাবে বলেই জানা গিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান বিমানবাহিনী মনোমুগ্ধকর শো দেখাবে বলেই জানা গিয়েছে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম জলঘোলা হয়নি। পাক মুলুকে গিয়ে খেলতে অস্বীকার করে ভারত। সেই কারণে হাইব্রিড মডেল অনুসৃত হচ্ছে এবারের টুর্নামেন্টে। ১৯৯৬ সালের বিশ্বকাপ যৌথভাবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা করেছিল। এত বছর পরে আইসিসি-র কোনও মেগা ইভেন্ট হতে চলেছে পাকিস্তানে।
বাবর আজমরা খেলবেন দেশের মাটিতেই। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ২৩ ফেব্রুয়ারি রয়েছে রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। দুবাইয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। সেই ম্যাচের পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে।
















