আজকাল ওয়েবডেস্ক: টেনিসকে বিদায় জানিয়েছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের  পরে টেনিস র‌্যাকেট তুলে রাখবেন তিনি। এক টেনিস যোদ্ধাকে শ্রদ্ধা জানালেন নোভাক জকোভিচ। শনিবার সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম প্রতিযোগিতায় শেষবার মুখোমুখি হয়েছিলেন জোকার ও নাদাল। টেনিস জগতে নাদাল প্রভাব ফেলে গিয়েছেন। সেই প্রভাবের কথা উল্লেখ করেন সার্বিয়ান তারকা। 

জকোভিচ বলেন, ''তোমার সঙ্গে কোর্ট শেয়ার করা অত্যন্ত সম্মানের এবং আনন্দেরও। বহু বছর ধরে আমরা একে অপরের বিরুদ্ধে খেলে চলেছি। আজকের দিনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমরা একে অপরের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছি বহু ম্যাচ ধরে।'' 

জোকার ও নাদাল বহু স্মরণীয় লড়াইয়ের জন্ম দিয়েছেন। জকোভিচ বলছেন, ''আমাদের দ্বৈরথ অবিশ্বাস্য এবং তীব্র ছিল। আশা করি একদিন সমুদ্র সৈকতে আমরা দু' জনে বসব। পানীয় হাতে নিয়ে আমাদের খেলোয়াড় জীবন ফিরে দেখব। তুমি যা করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবিশ্বাস্য এক পরম্পরার জন্ম দিয়েছ। তোমাকে প্রশংসা না করে পারা যায় না।'' 
শেষ ম্যাচে অবশ্য জোকার হারান নাদালকে। খেলার ফলাফল ৬-২, ৭-৬ (৫)। নাদালের বর্ণময় টেনিস কেরিয়ার এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী মাসে ডেভিস কাপে নামছেন নাদাল। সেটাই তাঁর শেষ প্রতিযোগিতা। 

জোকারের শ্রদ্ধাজ্ঞাপনের জবাবে নাদালকে বলতে শোনা গিয়েছে, ''আমাদের কেরিয়ারে যতবার কোর্টে মুখোমুখি হয়েছি, সেই সব মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ জানাই নোভাক। ব্যক্তিগত ভাবে তুমি আমাকে আরও পরিণত হয়ে উঠতে সাহায্য করেছ। তুমি ছাড়া আজকের আমি হতামই না। তোমার জেতা খেতবাগুলোর জন্য অভিনন্দন জানাই। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা জানাই।'' 

২২টি গ্র্যান্ডস্লামের মধ্যে ফরাসি ওপেন জিতেছেন ১৪ বার। এর পাশাপাশি এটিপি সিঙ্গলসে ৯২টি খেতাব রয়েছে। তারমধ্যে ৩৬টি মাস্টার্স খেতাব। এছাড়াও রয়েছে অলিম্পিকে স্বর্ণপদক। কোর্টে দাপট দেখানোর পাশাপাশি চোটআঘাত তাঁকে কোর্ট থেকে সরিয়ে রেখেছিল। চোটআঘাতের সঙ্গে লড়াই করে বারবার কোর্টে ফিরে এসেছেন তিনি। রাফায়েল নাদাল সত্যিকারের একজন টেনিস যোদ্ধা। এমন যোদ্ধাকে কুর্নিশ জানাচ্ছেন আরেক যোদ্ধা।