আজকাল ওয়েবডেস্ক: আরও একবার হলুদ জার্সিতে খেলবেন মহেন্দ্র সিং ধোনি।রবিন উথাপ্পা মনে করছেন, এটাই ধোনির শেষ আইপিএল। একটি আলোচনায় এমনই জানান ক্যাপ্টেন কুলের এককালীন সতীর্থ। উথাপ্পা বলেন, 'আইপিএল ২০২৬ চেন্নাইয়ের জার্সিতে ধোনির শেষ আইপিএল। আমি এইবছর ওকে মেন্টর এবং প্লেয়ারের ভূমিকায় দেখছি। আমি এবার ওকে ব্যাট হাতে সাত নম্বরে নামতেভদেখছি না। ও হয়ত আট নম্বরে ব্যাট করবে। ও জানে এবার ওর যাওয়ার সময় চলে এসেছে। তাই হয়ত এমনই করবে।' এখনও পর্যন্ত আইপিএলের শুরু থেকে প্রত্যেক সংস্করণ খেলেন ধোনি। এই তালিকায় আছেন আরও তিনজন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মণীশ পাণ্ডে।
এবার চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হবে সঞ্জু স্যামসনের। উথাপ্পা মনে করেন, এখনই তাঁর হাতে নেতৃত্ব তুলে দেবে না চেন্নাই। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কেই সমর্থন করা হবে। উথাপ্পা বলেন, 'আমার মনে হয় সঞ্জু স্যামসনকে এখনই নেতৃত্বের ভার দেওয়া উচিত নয়। অধিনায়ক হিসেবে মানিয়ে নিতে সময় দেওয়া উচিত ঋতুরাজ গায়কোয়াড়কে। ও ২০২৪ থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। ক্রমশ ধোনির ছায়া থেকে বেরিয়ে আসছে। সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসে নিজের আলোয় আলোকিত হওয়া উচিত। ও নিজে কী করতে পারে সেটা দেখা উচিত। যখন ধোনি খেলছে না, তখন কেমন অধিনায়কত্ব করে সেটা দেখা উচিত।'
২০২৪ সালে চেন্নাইয়ের অধিনায়ক করা হয় ঋতুরাজকে। সেই বছর পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে শেষ করে চেন্নাই। গতবছর চোটের জন্য মাঝ মরশুম থেকে ছিটকে যান। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব আবার নেন ধোনি। লাস্টবয় হয় সিএসকে। চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স। উথাপ্পা চান, নিজেকে নেতা হিসেবে প্রমাণ করার জন্য ঋতুরাজকে কয়েক বছর দেওয়া হোক। কাজ না করলে সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা যেতেই পারে।
