আজকাল ওয়েবডেস্ক: দিন দুয়েক আগে তাঁর নাচ ভাইরাল হয়ে গিয়েছিল। মুসৌরীতে ঋষভ পন্থের বোনের বিয়েতে বলিউডের গানে মন খুলে নাচতে দেখে যায় এমএস ধোনিকে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখান থেকে সটান বাইশ গজে। সরাসরি ছক্কা হাঁকিয়ে ফ্যানদের মন জয় করে নিলেন। ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক এমএস ধোনি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র আইপিএল খেলেন। কোটিপতি লিগ শুরু হতে বাকি মাত্র ছ'দিন। তার আগে ফ্যানদের উল্লসিত হওয়ার কারণ দিলেন সিএসকের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে ধোনিকে। শর্ট বল বাউন্ডারির ওপারে ফেলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ধোনির টাইমিং দেখে ফ্যানরা চমকে গিয়েছে।
চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের এই শট দেখে উল্লসিত ভক্তরা। বিশেষ করে ব্যাটে-বলের মধুর শব্দ মন কেড়েছে চেন্নাইয়ের ফ্যানদের। ৪৩ বছর বয়সেও অনায়াসে বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন 'থালা।' যা ভক্তদের আশা বাড়াবে। এই নিয়ে টানা ১৮তম আইপিএল খেলবেন ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন। ২০২৩ সালে শেষবার জেতেন। তারপর ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব ছেড়ে দেন। তাঁর নেতৃত্বে প্রথম বছর পাঁচ নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস। লিগের শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে যান। সাত বা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় ধোনিকে। ১৬১ রান করেন। গড় ৫৩.৬৭। স্ট্রাইক রেট ২২০। আগের বছর হাঁটুর চোট নিয়ে খেলেন। ফ্যানদের আশা, এবার ওপরের দিকে ব্যাট করবেন ধোনি।
















