মোহনবাগান-১ নর্থ ইস্ট -০
(রবসন)
আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড গুয়াহাটিতে। প্রবল বৃষ্টি। মাঠে জল জমে পুকুর-সদৃশ। এক ঘণ্টার কাছাকাছি খেলা বন্ধ প্রবল বৃষ্টিতে। রাত পৌনে এগারোটা নাগাদ শেষ হল মোহনবাগান-নর্থ ইস্টের খেলা। সের্জিও লোবেরার দল পাহাড় থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করল। ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন।
খেলার ৫ মিনিটে গোল করেন রবসন রবিনহো। সাহালের পাস থেকে ব্রাজিলিয়ান রবিনহো এগিয়ে দেন সবুজ-মেরুনকে। সেই যে গোল দিল মোহনবাগান, সেই গোল আর শোধ করতে পারেনি নর্থইস্ট। অবশ্য গোল করার মতো জায়গায় একাধিকবার পৌঁছেছিল নর্থ ইস্ট। কিন্তু ঠোঁট আর পেয়ালার মধ্যে যে ব্যবধান থাকে, সেটাই রয়ে গেল। খেলার প্রায় শেষের দিকে মেহতাব সিং মোহনবাগানকে বাঁচান।
বিরতির পর নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রবল বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি। রেফারি খেলা শুরু করেননি। প্রবল বৃষ্টিতে মাঠে জমে যায় জল। তার পরে মাঠকর্মীরা মাঠ খেলার মতো করে দিলে দ্বিতীয় হাফ শুরু হয়। দ্বিতীয় হাফেও অবশ্য বৃষ্টি থামার লক্ষ্মণ ছিল না। মুষলধারে পড়তে থাকে বৃষ্টি। বল ঠিক মতো রোল করছিল না। তবুও মোহনবাগান তাদের দাপট দেখিয়ে যায়।
পিছিয়ে থাকা নর্থইস্ট ঘরের মাঠে শেষের দিকে মরণকামড় দেয়। খেলার শেষ বাঁশি বাজার কিছু আগে মেহতাব সিং সবুজ-মেরুনকে বাঁচান। নর্থ-ইস্ট হানাদারি চালায় সবুজ-মেরুনের পেনাল্টি বক্সে।
অবশ্য গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল মোহনবাগানও। গোল সংখ্যা আরও বাড়াতেই পারত তারা। ম্যাকলারেন সহজ সুযোগ নষ্ট করেন। খেলার শেষ দিকে নর্থ ইস্টের কোচ পেড্রো বেনালিকে লাল কার্ড দেখানো হয়। পরিস্থিতি তখনই উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির দিকে আঙুল তুলে কিছু বলতে দেখা যায় নর্থ ইস্ট কোচকে।
প্রলয়ের মধ্যে মোহনবাগান পুরো পয়েন্ট ঘরে তুলল। যে পরিস্থিতিতে খেলে সবুজ-মেরুন শিবির পুরো পয়েন্ট পেল, তার জন্য প্রশংসা করতেই হবে মোহনবাগানকে।















