আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ডানা। বৃহস্পতিবার ওড়িশার পুরী হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদীপের মধ্যে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। একই দিনে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তবে পুনেতে ডানার প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই। বেঙ্গালুরুতে প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলেও, পুনেতে পরিস্কার আকাশ এবং পাঁচদিনের টেস্ট হওয়ার আশায় দু'দলই। কী বলছে আবহাওয়া পূর্বাভাস? প্রথমদিন আংশিক রোদ এবং মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার দিনের শুরুতে আকাশ ৫৮ শতাংশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে সেটা কমে হবে ৪৩ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বাকি দিনগুলোতেও আবহাওয়া একই থাকার সম্ভাবনা। অর্থাৎ, পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেখতে পারবে পুনের ক্রিকেটপ্রেমীরা। 

বৃষ্টিবিঘ্নিত চিন্নস্বামীর হার ভুলে পুনে টেস্টে ফোকাস করবে রোহিত অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানের ব্যাটিং ভরাডুবি ঢাকতে পারেনি ভারতীয় দল। এবার জয়ে ফেরার পালা ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে জায়গা আরও জোরালো করে ফেলবেন রোহিতরা‌। চোট সারিয়ে দলে ফিরছেন শুভমন গিল। পুরো ফিট হয়ে নামবেন ঋষভ পন্থ। তাঁদের অন্তর্ভুক্তি টেস্ট জয়ের সম্ভাবনা আরও বাড়াবে। প্রাথমিক দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। অন্যদিকে কেন উইলিয়ামসনকে ছাড়াই দ্বিতীয় টেস্টেও নামতে হবে কিউয়িদের।