আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ সামির ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা বোলার হওয়া শামি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় কতটা থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলে ফেরার রাস্তা যেন ক্রমশ কঠিন হয়ে উঠছে শামির জন্য। ভারতের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ সালের মার্চে একটি ওয়ানডে। এর আগে তিনি শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে।

সম্প্রতি নিজের পছন্দের কোচ বেছে নিতে গিয়ে শামি জানিয়েছেন, তাঁর পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, “তুলনা করা কঠিন। গৌতম ভাইয়ের অধীনে আমি খুব বেশি খেলিনি। রাহুল ভাই এবং অনিল ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। কিন্তু যদি এই চারজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তাহলে আমি রবি ভাইকেই বেছে নেব।”

সামির মতে, রবি শাস্ত্রীর কোচিংয়ে খেলোয়াড়রা যে স্বাধীনতা ও আগ্রাসন নিয়ে মাঠে নামতেন, সেটাই তাঁকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাঁর কথায়, “একজন খেলোয়াড় যখন লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামে, বাইরে থেকেও সেই আগ্রাসনটা দেখা যায়।”

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল সামির আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায়। মাত্র সাতটি ম্যাচে ২৪টি উইকেট নিয়ে তিনি ওই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তবে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া করে।

সেই ফাইনালের হার এখনও সামির মনে গেঁথে রয়েছে। তিনি বলেন, “এই বিষয়টা আমার মনে ছবির মতো ছাপা হয়ে আছে। আমার একটাই আফসোস—আমাদের ফাইনাল জেতা উচিত ছিল। রেকর্ড নিয়ে আমি খুব একটা ভাবি না।”

সামি আরও বলেন, “বিশ্বকাপের পরিসংখ্যান যখন দেখি বা কোনও তালিকায় উঠে আসে, কে কত ম্যাচ খেলেছে, কত উইকেট নিয়েছে, তখন আমার মনে হয়, আমি যদি আইসিসি ইভেন্টে আরও কয়েকটি ম্যাচ খেলতে পারতাম! প্রতি বিশ্বকাপেই তিন-চার বা পাঁচটি ম্যাচ মিস করেছি। মনে হয়, সেগুলো খেলতে পারলে হয়তো আরও উপরে থাকতে পারতাম।”

চোট ও দলের পরিকল্পনার কারণে সাম্প্রতিক সময়ে সামিকে বারবার বাইরে থাকতে হয়েছে। তবে ২০২৭ বিশ্বকাপের আগে তিনি জাতীয় দলে ফিরতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।