আজকাল ওয়েবডেস্ক: অদূর ভবিষ্যতেও ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়ে দিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। দু’দেশের রাজনৈতিক সম্পর্কই যে এর কারণ তা স্পষ্টই বলেছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে ললিত মোদিকে জিজ্ঞাসা করা হয়েছিল, নিরপেক্ষ ভেন্যুতে ভারত–পাক সিরিজ হওয়া সম্ভব? মোদি জবাবে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এতটাই রাজনীতি করে যে এটা অদূর ভবিষ্যতেও সম্ভব নয়। পাক ক্রিকেটারদের জন্য তিনি যে চিন্তিত একথা জানাতেও ভোলেননি মোদি।
ললিত মোদি বলেছেন, ‘পাক ক্রিকেটারদের আমিই আইপিএলে নিয়ে এসেছিলাম। আবার ২৬/১১ হামলার পর আমিই পাক ক্রিকেটারদের আইপিএল খেলায় নিষেধাজ্ঞা জারি করেছিলাম। সমস্যা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে চলতে পারে না। পিসিবি যদি স্বাধীনভাবে চলত ও রাজনৈতিকভাবে প্রভাবিত না হত তাহলে হয়ত কিছু করা যেত। পাকিস্তান সরকার এতটাই কলকাঠি নাড়ে যে পিসিবির পক্ষে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা তো আছেই। পরিস্থিতি অদূর ভবিষ্যতে আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাক ক্রিকেটারদের নিয়ে বেশ শঙ্কিত।’
ললিত মোদি আরও বলেছেন, ‘পাক ক্রিকেট বোর্ডে রাজনীতি এতটাই যে অদূর ভবিষ্যতেও ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। তা সে নিরপেক্ষ ভেন্যু হোক বা যাই হোক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেও একহাত নিয়েছেন ললিত। বলেছেন, ‘ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে না এসে চরম ভুল করেছে বিসিবি। এর ফুল ভুগতে হবে ওদের।’
এদিকে, ভারতের সিনিয়র দলে খেলতে আর বাধা নেই বৈভব সূর্যবংশীর। আপাতত আইপিএলে ব্যস্ত রয়েছে তরুণ ব্যাটার। সূত্রের খবর, খুব শীঘ্রই হয়ত সিনিয়র দলে অভিষেক হতে পারে বৈভবের। সম্ভবত আয়ারল্যান্ড সিরিজে কিংবা এশিয়ান গেমসে।
বৈভবের সিনিয়র দলে অভিষেক হওয়া নিয়ে অনেকেই নিজের মতো করে মতামত দিচ্ছেন। অনেক বিশেষজ্ঞই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন এই তরুণ প্রতিভাকে আরও ভালভাবে গড়ে তোলার। আবার অনেকে ভিন্নমত পোষণ করেছেন। যার একজন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ।















