আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্ট ম্যাচের আগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের সঙ্গে সাক্ষাৎ এক বিশেষ অভিজ্ঞতা এনে দিল ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদবকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের শেয়ার করা এক ভিডিওতে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ জানালেন, ইউনাইটেড ম্যানেজার রুবেন অ্যামোরিমের সঙ্গে কথোপকথনে তিনি কতটা উচ্ছ্বসিত ছিলেন। জানা গেল, ফুটবলের একান্ত অনুরাগী কুলদীপ বহুদিন ধরেই রুবেন অ্যামোরিমকে অনুসরণ করে আসছেন। পর্তুগালের স্পোর্টিং লিসবন থেকে আসা এই কোচ গত মরশুমে এরিক টেন হ্যাগ চলে যাওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন। যদিও প্রথম মরশুমটা তাঁর জন্য খুব একটা সুখকর হয়নি। প্রিমিয়ার লিগে ইউনাইটেড শেষ করেছে ১৫তম স্থানে এবং ইউরোপা লিগ ফাইনালে হেরে গিয়েছে টটেনহ্যাম হটস্পারের কাছে।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কুলদীপ বলেন, ‘আমি রুবেনের সঙ্গে দেখা করার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। আমি ওকে স্পোর্টিং লিসবনের সময় থেকেই ফলো করছি। আমি ওকে কিছু ট্যাকটিকাল প্রশ্ন করেছিলাম, বিশেষ করে জানতে চেয়েছিলাম এই মরশুমে কি ৩-৪-৩ ফর্মেশনেই খেলবে ম্যান ইউ?’ এছাড়াও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর সঙ্গেও কথা বলেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আসার পর দলের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন ক্যাসেমিরো।
কুলদীপ বলেন, ‘আমি ক্যাসেমিরোর সঙ্গেও কিছু সময় কাটাতে পেরেছি। আমি ওর খেলার ধরন, লিডারশিপ খুবই পছন্দ করি। খুব সুন্দর অভিজ্ঞতা ছিল এই সাক্ষাৎ’। উল্লেখ্য, রবিরারে ম্যাঞ্চেস্টারে একসঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন ম্যান ইউ এবং টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সে এক অনন্য ছবি, কোথাও দেখা যায় ম্যাগুয়ার, মাউন্ট এবং বুমরাকে আলোচনা করতে, কখনও দেখা যায় গিল পেনাল্টি মারছেন, পোস্ট আগলাচ্ছেন ইউনাইটেড কিপার টম হিটন। ম্যাঞ্চেস্টারে এই অনন্য ক্রীড়াক্ষণে মিলে গিয়েছিল ক্রিকেট ও ফুটবলের দুই মহারথী ভারতীয় ক্রিকেট দল ও ইংলিশ ক্লাব ম্যান ইউ। ভারতের চতুর্থ টেস্ট ম্যাচের আগে আয়োজিত এই যুগ্ম ফটোশুটে অংশ নেন দুই দলের তারকা ও কোচেরা। দুই দলেরই কিট স্পনসর অ্যাডিডাসের সৌজন্যে আয়োজিত এই মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ফটোশুটে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিম। তবে সবথেকে চর্চিত দৃশ্য, ভারত অধিনায়ক শুভমান গিল ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজের জার্সি অদলবদল করে একসঙ্গে পোজ দেওয়া। এই একটি ছবি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের জন্য ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে। চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। এদিনের ইভেন্টে ঋষভ পন্থকে দেখা যায় পেনাল্টি নিতে, আর গোলপোস্টে ছিলেন ইউনাইটেডের গোলকিপার টম হিটন। ভারতীয় পেসার ও ইউনাইটেডের বড় ভক্ত মহাম্মদ সিরাজ পুরোপুরি উপভোগ করেন এই সাক্ষাৎ। হ্যারি ম্যাগুয়ার ও ক্যাসেমিরোর সঙ্গে চুটিয়ে আড্ডা দেন তিনি এবং এমনকি বলও করেন ম্যাগুয়ারকে, যিনি প্যাড পরে একটি মজার নেট সেশনেও অংশ নেন।















