আজকাল ওয়েবডেস্ক: সৌরভ গাঙ্গুলির কোচিংয়ে বদলে গিয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের পরিবেশ। ভারতের প্রাক্তন অধিনায়কের প্রশংসায় দলের অধিনায়ক কেশব মহারাজ।
সৌরভের কোচিংয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস প্রথমবারের মতো এসএ২০-র ফাইনালে উঠেছিল। যদিও সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে ছয় উইকেটে হেরে রানার্স-আপ হয় দলটি।
এক বিবৃতিতে কেশব মহারাজ জানান, বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য দলের প্রত্যেক সদস্যকে একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি, আর সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সৌরভ গাঙ্গুলি।
মহারাজ বলেন, “এই ধরনের টুর্নামেন্টে দলের সংস্কৃতি ও পরিবেশ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। সৌরভ এই জায়গায় অসাধারণ কাজ করেছেন। আমরা যে লক্ষ্য নিয়ে এগোতে চেয়েছিলাম, অনেক ক্রিকেটারই সেটাকে নিজেদের মধ্যে গ্রহণ করেছিল।”
তিনি আরও বলেন, “টুর্নামেন্টের সময় যখন আমাদের ম্যাচ থাকত না, তখনও আমরা দলের ঘরে একসঙ্গে সময় কাটাতাম, ডিনার করতাম, অন্য ম্যাচ দেখতাম এবং ক্রিকেট নিয়ে আলোচনা করতাম। পুরো শিবিরে একটা আলাদা উদ্দীপনা ও ইতিবাচক শক্তি ছিল। এমন দলের অংশ হতে পারা সত্যিই বিশেষ অভিজ্ঞতা।”
গত বছর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের সঙ্গে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন তিনি। এছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দুই দফায় যুক্ত ছিলেন সৌরভ। একবার টিম ডিরেক্টর এবং পরে উপদেষ্টা হিসেবে।
২০২৬ সালের এসএ২০-তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রিটোরিয়া ক্যাপিটালস। আগের দুই মরশুমের ব্যর্থতা কাটিয়ে এবার তারা লিগ টেবিলে দ্বিতীয় স্থান দখল করে এবং সরাসরি কোয়ালিফায়ার-১-এ জায়গা করে নেয়। শেষ পর্যন্ত ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হারলেও, সৌরভের আগমনে দলের পারফরম্যান্সে বড় পরিবর্তন দেখা যায়।
















