আজকাল ওয়েবডেস্ক: দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্সের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার জেমিমা রডরিগেজ ও পাকিস্তানের অলরাউন্ডার ফাতিমা সানার সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখন জেমিমা ও ফাতিমাকে আলিঙ্গন করতেও দেখা যায়। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পহেলগাঁওয়ে হামলার পর ২০২৫ সাল থেকে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার অবস্থান নিয়েছিলেন। তবে দ্য হান্ড্রেডের এই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে স্বাভাবিক সৌজন্য বিনিময় দেখা যায়।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সাদার্ন ব্রেভকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জেমিমা রডরিগেজ। তিনি ১৮ বলে অপরাজিত ২৮ রান করেন। অন্যদিকে ফাতিমা সানা বল হাতে প্রত্যাশামতো সফল হতে পারেননি। তাঁর ১৫ বলের স্পেলে আসে ৩৩ রান।
প্রথমে ব্যাট করে সাদার্ন ব্রেভ ১০০ বলে ১৪০/৩ রান তোলে। লিজেল লি ৪৩ এবং মাইয়া বুশিয়ে ৪৫ রান করেন। শেষ দিকে জেমিমার ঝোড়ো ইনিংস স্কোরবোর্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান যোগ করে।
জবাবে ব্যাট করতে নেমে বার্মিংহাম ফিনিক্স শুরুতে ভাল লড়াই করে। ট্যামি বিউমন্ট ও ডাভিনা পেরিনের ৭৩ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। পেরিন ৪৩ বলে ৫২ রান করেন, আর বিউমন্টের ব্যাট থেকে আসে ২২ রান। তবে পরপর উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ফিনিক্স।
Everyone debating if Fatima Sana and jemimah Rodrigues would shake hands and they straight up HUGGED?!😭😭🙏
— A. (@anhnjo)
Keep politics out of sports FOREVER. pic.twitter.com/XCE2lswGlgTweet by @anhnjo
সারা গ্লেন পেরিনকে আউট করার পর লরেন বেল তুলে নেন অ্যালিস ক্যাপসির উইকেট। শেষ দিকে সোফি মোলিনিউয়ের দুই উইকেটে ফিনিক্সের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ৫ উইকেটে ১১৬ রানেই থেমে যায়। এলিস পেরি ১৬ রানে অপরাজিত থাকেন, আর ফাতিমা সানা করেন ৫ রান।
এই জয়ের ফলে দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভের অপরাজিত থাকার ধারা চার ম্যাচে পৌঁছল। অন্যদিকে চলতি মরশুমে এখনও জয়ের মুখ দেখেনি বার্মিংহাম ফিনিক্স।
















